মুন্সিগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে হাঙ্গামা লেগেই আছে। পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি রাতের আঁধারে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে।
এই ইউনিয়ন তিনটি হলো মোল্লাকান্দি, আধারা ও মহাকালী। ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে এই তিনটিসহ উপজেলার পাঁচটি ইউপিতে ২৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা যায়, আধারা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী দলের উপজেলা কমিটির সহসভাপতি সোহরাব হোসেন। মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির। মোল্লাকান্দি ইউনিয়নে দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিপন হোসেন পাটোয়ারী। তাঁর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মহসিনা হক। আর মহাকালী ইউপিতে দলীয় প্রার্থী করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামকে। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
দলটির নেতা-কর্মীরা বলছেন, প্রার্থী মনোনয়নে নেতারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারায় মুন্সিগঞ্জ সদরে আওয়ামী লীগের দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। মনোনয়নবঞ্চিত প্রার্থীরা নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে মাঠে নেমে পড়েছেন। নিজেদের অস্তিত্ব রক্ষায় হামলা-সংঘর্ষে জড়াচ্ছেন তাঁরা। সর্বশেষ হাঙ্গামার ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায় মোল্লাকান্দি ইউপির ছোট মাকহাটি এলাকায়। আওয়ামী লীগের প্রার্থী রিপন পাটোয়ারীর পক্ষে প্রচারণা শেষে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সালসহ নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে ফিরছিলেন। গাড়িবহরটি ছোট মাকহাটি বাজারের কাছে পৌঁছালে গাড়িবহরের লোকজন বিদ্রোহী প্রার্থী মহসিনা হকের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেন। তাঁদের ওপর পাল্টা হামলা চালায় প্রতিপক্ষ। এ ঘটনায় কমবেশি ১৫ জন আহত হন। দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। মোল্লাকান্দিতে প্রায় প্রতিদিনই ছোট-বড় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটছে। রাতে পাল্টাপাল্টি ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে।
এর আগে গত রোববার আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী সোহরাব হোসেনের নির্বাচনী প্রচারণায় বিদ্রোহী প্রার্থী সামছুল কবিরের লোকজন হামলা করে বলে অভিযোগ ওঠে।
মহাকালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিয়াজুল ইসলাম ১৩ মে মাইক্রোবাসে করে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন। বাগেশ্বর এলাকায় পৌঁছালে সেটিতে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলামের সমর্থকেরা ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া বলেন, ওই তিন ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাওয়ায় নির্বাচনী পরিবেশ খুব খারাপ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।