আ.লীগের সভায় শিক্ষক-শিক্ষার্থীদের থাকতে বাধ্য করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল শুক্রবার কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সভা হয়েছে। সভায় কালিশুরী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।

 কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, কালিশুরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল সকাল ১০টার দিকে ওই সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ। সভাপতিত্ব করেন কালিশুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। নামাজের জন্য কিছু সময় বিরতি দিয়ে বেলা তিনটা পর্যন্ত ওই সভা চলে।

নাম প্রকাশে অনিচ্ছুক কালিশুরী কলেজের এক শিক্ষক বলেন, তিনজন শিক্ষককে কলেজের শিক্ষার্থীদের ওই সভায় নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়। ওই কলেজের আরও এক শিক্ষক বলেন, ওই নির্দেশ পালন না করার কোনো সুযোগ নেই। কারণ যিনি সভার সভাপতিত্ব করেছেন তিনি কলেজের অধ্যক্ষ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাই বন্ধের দিনও আওয়ামী লীগের সভায় যোগ দিতে হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, এক শিক্ষক বৃহস্পতিবার শ্রেণিকক্ষে গিয়ে চিফ হুইপের সভায় তাঁদের উপস্থিত থাকার নির্দেশ দেন ও উপস্থিত না থাকলে জরিমানা করা হবে বলে জানান। এ কারণে তাঁরা এসেছেন।

কালিশুরী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন সিকদার। এ কারণে বন্ধের দিন থাকা সত্ত্বেও আমরা সভায় উপস্থিত থাকতে বাধ্য হয়েছি।’

এ ছাড়া ওই ইউনিয়নের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা বলেন, তাঁদেরও ওই সভায় থাকতে বাধ্য করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি হলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। তাঁদের মৌখিক নির্দেশে ভয়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা উপস্থিত থাকতে বাধ্য হয়েছেন।

এ ব্যাপারে মোহাম্মদ নেছার উদ্দিন সিকদার দাবি করেন, সভায় শিক্ষার্থী ও শিক্ষকেরা নিজেদের ইচ্ছায় উপস্থিত হয়েছেন। কাউকে বাধ্য করা হয়নি।