আ.লীগের সমাবেশে দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গতকাল সোমবার আয়োজিত মহানগর আওয়ামী লীগের সমাবেশে সামনে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের উপস্থিতিতে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াসউদ্দিন মোল্লাহ্ ও ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপুল মাকসুদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অবমাননাকর উক্তির প্রতিবাদে বিকেলে মহানগর আওয়ামী লীগের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা মিছিলসহ এসে যোগ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে ইলিয়াস মোল্লাহ্র নেতৃত্বে একটি মিছিল সমাবেশে যোগ দেয়। ওই মিছিলের নেতা-কর্মীরা ভিড় ঠেলে সামনে গিয়ে বসতে চাইলে বিপুলের সমর্থকেরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় বক্তব্য দিচ্ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী। কিছুক্ষণ পর তা মিটমাট হয়ে যায়। তবে সমাবেশ শেষে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায়।
এ সম্পর্কে ইলিয়াস মোল্লাহ্ প্রথম আলোকে বলেন, ‘সমাবেশ শেষে মায়া ভাইয়ের কাছে বিদায় নিতে যাই। তখন তাঁর পাঁচ-সাত গজ দূরে মারামারি চলছিল। তিনি আমাকে তা বন্ধ করতে বললে আমি সেখানে গিয়ে তাদের শান্ত করি। পরে আমি মূল সড়কে আসার পর তারা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।’ তিনি বলেন, তাঁর সমর্থকেরা সংঘর্ষে জড়াননি।
বিপুল মাকসুদ সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘সাংসদ ইলিয়াস মোল্লাহ্র নির্দেশে তাঁর অনুসারীরা আমাদের ওপর আগে চড়াও হয়েছে।’
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ‘৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য যথাযথ আবেদন না করায় বিএনপি অনুমোদন পায়নি’ বলে দাবি করেন খাদ্যমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সাহস থাকলে দেশে আসুন। দেশে এসে মিথ্যা বলুন। দেখবেন, দেশের জনগণ আপনার মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে।’
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।