আ.লীগের সম্মেলন স্থগিতের পর দুপক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত ঘোষণার পর দুই পক্ষের সংঘর্ষে জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী লাঞ্ছিত হন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় এক যুগ পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় গতকাল সোমবার। কিন্তু উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন নিয়ে দেলদুয়ারে আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়ে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হককে। যুগ্ম আহ্বায়ক করা হয় স্থানীয় সাংসদের অনুসারী হিসেবে পরিচিত আবুল কালাম সিদ্দিকী ও শিবলী সাদিককে। সম্মেলন প্রস্তুতি কমিটির সাংসদ অনুসারীরা ইউনিয়ন কমিটিগুলোর সম্মেলনের উদ্যোগ নেয়। ফজলুল হকের অনুসারীরা তা মেনে নেননি। তাঁদের বক্তব্য, ইউনিয়ন কমিটিগুলোর মেয়াদোত্তীর্ণ হয়নি। সাংসদ অনুসারীরা জেলা কমিটির সহায়তায় একতরফাভাবে ইউনিয়ন সম্মেলনগুলো করে নেয়। ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটির মাধ্যমেই কাউন্সিলর ও প্রতিনিধি নির্বাচন করা হয়।
উপজেলার পুরোনো কমিটির নেতারা ইউনিয়ন পর্যায়ে আগের কমিটির মাধ্যমেই কাউন্সিলর নির্বাচনের দাবি জানান। এ নিয়ে কয়েক দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার মুখে গতকাল সকালে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।
এদিকে সকাল থেকেই উপজেলা আওয়ামী লীগের পুরোনো কমিটির অনুসারীরা সম্মেলনস্থল দখল করে রাখেন। দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খানের নেতৃত্বে জেলা নেতারা সম্মেলনস্থলে উপস্থিত হন। এ সময় স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন ও আলমগীর খান বক্তব্য দিয়ে সম্মেলন স্থগিতের কথা জানান। এতে বিরোধীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তাঁরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খানের ওপর হামলা করেন। হামলাকারীদের হাতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাকও আহত হন। এ সময় উত্তেজিত ব্যক্তিরা আলমগীর খান, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিককে লাঞ্ছিত ও তাঁদের বহনকারী গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনার পরপর সম্মেলনস্থলের বাইরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ইকবাল হোসেন, শহীদুল ইসলাম, মির্জা মাসুদ নামের তিন কর্মী আহত হন। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে রফিকুল, মির্জা মাসুদ ও
শহীদুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলুল হক বলেন, অগণতান্ত্রিকভাবে সাংসদ-সমর্থিত ব্যক্তিরা নতুন কমিটি করতে চেয়েছিলেন। এ কারণে কেন্দ্রীয় নেতারা সকাল নয়টার দিকে সম্মেলন স্থগিত করেন। মূলত মঞ্চে আলমগীর খান ও সাংসদ বাতেনের উসকানিমূলক বক্তব্যের কারণে সংঘর্ষ হয়।
এ ব্যাপারে জানতে চাইলে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া প্রথম আলোকে জানান, এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি।