আ.লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে গত বুধবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন উপজেলার হলদা গ্রামের শরিফুল ইসলাম (৩০) ও দক্ষিণ সলুয়া গ্রামের মহিন (২০)। এঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও দুজন হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্মেলনে চারটি ওয়ার্ডের কমিটি গঠন না করেই জহুরপুর ইউনিয়নের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য বিকেলে উপজেলার বেতালপাড়া স্কুল মাঠে উপস্থিত হন সভাপতিসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। এতে দলের তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে সাংসদসহ অন্য নেতাদের ধাওয়া দেন। এ সময় দুই পক্ষই অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, বাঘারপাড়ার ঘটনায় জরুরি বিভাগে ছয়জন চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে দুজনের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি পাওয়া গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বোমার স্প্লিন্টারে আহত আরও দুজন ভর্তি আছেন।