আ.লীগের সম্মেলনে বিক্ষুব্ধদের মঞ্চ ভাঙচুর
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গতকাল বৃহস্পতিবার মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। পরে তাঁরা মঞ্চে চেয়ারে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গছে, গতকাল বেলা একটার দিকে সুন্দরগঞ্জ ডিডব্লিউডি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলাম, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহসাধারণ সম্পাদক মাহামুদ হাসান প্রমুখ।
বিকেল পৌনে চারটার দিকে প্রথম অধিবেশন শেষে অতিথিরা এক ঘণ্টা মধ্যাহ্ন বিরতি দিয়ে সাংসদ মন্জুরুল ইসলামের বামনডাঙ্গার গ্রামের বাড়িতে যান। এদিকে তিন শতাধিক কাউন্সিলর দ্বিতীয় দফার সম্মেলন অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে থাকেন। পরে অতিথিরা সম্মেলনে না গিয়ে গাইবান্ধা সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেন। এতে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা কলেজমাঠে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন। এ সময় নেতা-কর্মীরা চেয়ারে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালান।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাজেদুল ইসলাম বলেন, অনুষ্ঠানস্থলে নতুন কমিটি গঠন না করায় বিক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা এ ঘটনা ঘটান। তিনি অভিযোগ করে বলেন, এখানে পুরানো কমিটি অনুমোদনের পাঁয়তারা চালানো হচ্ছে।
এসব বিষয়ে সাংসদ মন্জুরুল ইসলাম বলেন, অতিথি ও কাউন্সিলররা মধ্যাহ্ন বিরতিতে গেলে কমিটি ঘোষণা হয়েছে ভেবে কতিপয় নেতা-কর্মী এ ঘটনা ঘটান। সমঝোতার ভিত্তিতে উপজেলা কমিটি গঠনের জন্য কাউন্সিলরদের সার্কিট হাউসে যাওয়ার অনুরোধ করে অতিথিরা গাইবান্ধায় চলে যান। কিন্তু গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কমিটি গঠন করা হয়নি।
ওই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুই প্যানেল দেওয়া হয়। একটিতে সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি সাংসদ মন্জুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী (বর্তমান সাধারণ সম্পাদক) গোলাম মোস্তফা আহম্মেদ। অপরটিতে সভাপতি প্রার্থী সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম।