আ.লীগের হামলায় ক্রীড়া প্রতিযোগিতা পণ্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার উচাখিলা কেরামতিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হামলায় পণ্ড হয়ে গেছে। এ সময় মঞ্চে উপস্থিত জাতীয় পার্টির স্থানীয় সাংসদ ফখরুল ইমামকে পুলিশ দ্রুত সরিয়ে নেয়।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, অনুষ্ঠানে অন্য দলের লোকজনকে বেশি প্রাধান্য দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও উচাখিলা ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলামের লোকজন ওই হামলা চালান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, অবমূল্যায়নের ক্ষোভ থেকে চেয়ারম্যানের সমর্থকেরা অনুষ্ঠানস্থলে এসে হইচই করে মৃদু প্রতিবাদ করেছেন মাত্র। ভাঙচুর হয়নি।
বেলা দেড়টার দিকে গিয়ে দেখা যায়, মাদ্রাসাটির ভেতরে মঞ্চ ফাঁকা পড়ে আছে। নিচে কয়েকটি ভাঙা টেবিল ও বেঞ্চ। মাঠে পুলিশের একটি দল টহল দিচ্ছে।
মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. সারোয়ার হোসেন বলেন, অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ফখরুল ইমামকে প্রধান অতিথি করা হয়। বেলা ১১টার দিকে তিনি অনুষ্ঠান উদ্বোধন করার পর স্কাউটের একটি দল শারীরিক কসরত প্রদর্শন করে। এরপর ঘোষক প্রধান অতিথিকে জাতীয় পতাকা ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকারকে ক্রীড়া পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানান। এ সময় অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি উচাখিলা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলামের নাম না বলায় তিনি সঙ্গীদের নিয়ে মঞ্চ থেকে নেমে চলে যান। পরে প্রতিযোগিতার দুটি ইভেন্ট হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয় ইভেন্ট শুরুর সময় ১০-১৫ জন যুবক মাঠে ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় ভয়ে শিক্ষার্থীরা পালিয়ে যায়।
দুজন শিক্ষক বলেন, আধা ঘণ্টা তাণ্ডব চলার পর ওসি বদরুল আলম খান সাংসদ ফখরুল ইমামকে মঞ্চ থেকে নামিয়ে পুলিশি পাহারায় উপজেলা সদরে নিয়ে যান। পরে এসআই খোরশেদ আলম আরও পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন।
এসআই খোরশেদ আলম বলেন, ‘আমরা মাদ্রাসায় ঢুকে ভাঙচুরকারী কাউকে পাইনি।’
অনুষ্ঠানের অতিথি ও উচাখিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাইদুল হক সরকার বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের অবমূল্যায়ন করেছে। এতে জনসাধারণ উত্তেজিত হয়।
ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ‘মঞ্চে কিছুক্ষণ ছিলাম। পরে অপমানিত বোধ করে চলে আসি। তারপর কী হয়েছে বলতে পারব না।’
মাদ্রাসাটির অধ্যক্ষ কাজী মো. আবদুল মতিন বলেন, কাউকে অবমূল্যায়ন করা হয়নি। তিনি হামলাকারীদের চিনতে পারেননি।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাংসদ ফখরুল ইমাম বলেন, অনুষ্ঠানে কাউকে অবমূল্যায়ন করা হয়নি। উপস্থাপকের ভুলে হয়তো কেউ ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন।