আ.লীগের ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমানের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের ১৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল বুধবার জেলা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আদালতের বিচারক এ এস এম তারিক শামস্ ওই আদেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ৮ মার্চ উপজেলা মিলনায়তনে সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল জামান সভাপতিত্ব করেন। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য, প্রতিদ্বন্দ্বী ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এতে আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে মজিবুর রহমানসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের আরও অনেকে ছিলেন। সভা চলাকালে একপর্যায়ে আসামিরা পরিকল্পিতভাবে বাদীর ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে কিল-ঘুষি মেরে তাঁকে জখম করেন ও জামাকাপড় ছিঁড়ে ফেলেন। পুলিশি পাহারায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলাকালে তাঁর কাছ থেকে ৪২ হাজার ৭০০ টাকার মালামাল ছিনতাই হয়।
ওই ঘটনায় মজিবুর রহমান গত ১৩ মার্চ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারসহ দল ও এর অঙ্গসংগঠনের ১৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পটুয়াখালী আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আদালতে মামলা করেন। এতে দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফারুককে প্রধান আসামি করা হয়। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পটুয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। তদন্ত শেষে দুজনকে অব্যাহতি দিয়ে পিবিআই গত ১৫ জুন ১৩ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। গতকাল আদালত প্রতিবেদন গ্রহণ করে ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফারুক বলেন, দলের ক্ষতি করার জন্য ওই মিথ্যা মামলা করা হয়েছে।