আ.লীগের ১৪, বিএনপির চার নেতা-কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী বাজারে গত বুধবার রাতে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির ১৮ নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় বিএনপির আট নেতা-কর্মীকে আটক করেছে।
ঘটনার পর থেকে কবাখালী বাজারের দোকানপাট বন্ধ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পাওনা টাকা নিয়ে গত বুধবার বিকেলে বিএনপির সমর্থক আজিজুল হক ও বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মো. আলমাসের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ১০টার দিকে বিএনপির (ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ) শতাধিক নেতা-কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কবাখালী বাজারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মী আহত হন। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কবাখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দুলাল মিয়াসহ বিএনপির চার কর্মী আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আলী বলেন, বিএনপির নেতা-কর্মীরা রড ও দাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন বলেন, ‘আমাদের কর্মী আজিজুল হককে প্রথমে আওয়ামী লীগের কর্মীরা মারধর করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, বিএনপির (ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ) কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিএনপির আট নেতা-কর্মীকে আটক করা হয়েছে।