বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কর্মী গোলাম মহিউদ্দিন হত্যা মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।
হত্যাকাণ্ডের ১০ মাস পর গত সোমবার বিকেলে আদালতের নিবন্ধন কর্মকর্তার (জিআরও) কাছে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক খলিলুর রহমান ওই অভিযোগপত্র জমা দেন।
জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. শাহ আলম বলেন, বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী গোলাম মহিউদ্দিন হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের জন্য জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ওই অভিযোগপত্র স্বল্প সময়ের মধ্যে আদালতে উপস্থাপন করা হবে।
অভিযোগপত্রভুক্ত ২৩ আসামি হলেন ফরিদপুর ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা খবিরউদ্দিন গাজী, মহিউদ্দিন চাপরাশী, বাদশা চাপরাশী, বশির খান, হাবুল চাপরাশী, মকবুল হোসেন, হিরু সন্যামত, মাসুদ হাওলাদার, সাখাওয়াত হোসেন, বেল্লাল চাপরাশী, লিটন চাপরাশী, সোহেল মোল্লা, আব্বাস শিকদার, মো. হাসান, মো. রনি মোল্লা, জাফর শেখ, কাওছার মৃধা, আফতাফ আকন, খাটো মামুন, মো. মহিবুল, মো. মিজান গাজী।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর মহসীন, বাবুল চাপরাশী, কবির চাপরাশী, জামাল চাপরাশী, খোকন গাজী, এনামুল হক মোল্লা ও আসিফ মোল্লাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির কাজ নিয়ে মামলার প্রধান আসামি জহিরুল ইসলামের সঙ্গে মহিউদ্দিনের বিরোধ ছিল। গত বছর ৬ জুন জহিরুলের বাড়ির সামনে কর্মসৃজন কর্মসূচির কাজ করতে যান গোলাম মহিউদ্দিন। কিন্তু বিরোধের জের ধরে কাজে বাধা দেন জহিরুল। এ সময় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। অন্যদিকে একই ইউনিয়নের অপর আসামি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সঙ্গে কোটি টাকা ব্যয়ে খালকাটা কর্মসূচি নিয়েও মহিউদ্দিনের বিরোধ হয়। কাজ ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে গত বছরের ১১ জুন বিকেল চারটার দিকে একটি সভা শেষে বাড়ি ফেরার পথে কাকরধা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় আসামিরা গোলাম মহিউদ্দিনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।