আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা কার্যালয়ে (ক্যাম্প) গত বুধবার ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বাদী হয়ে বুধবার রাতে সদর থানায় মামলা করেছেন।
মামলায় একই ইউপির নূরপুর গ্রামের মুন্না পারভেজ, ভগবানপুরের সৈকত হোসেন, হরিপুরের ফরিদ হোসেন, চক কামালের হাবিব মিয়া ও ছিট হরিপুর গ্রামের মো. মিজানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, বুধবার ভাদসা ইউপির গুচ্ছগ্রামে আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আওয়ামী লীগের প্রার্থীর একদল সমর্থক হামলা চালিয়ে চেয়ার-টেবিল, কক্ষের দরজা-জানালা ভাঙচুর ও ওই কক্ষে রাখা পোস্টার ছিঁড়ে ফেলেন। এ সময় তাঁর কর্মী-সমর্থকেরা বাধা দিলে তাঁদের মারধর করা হয়। এ ছাড়া গত সোমবার তাঁর সমর্থক চণ্ডীপুর গ্রামের সোলায়মান আলী ও গোলজার হোসেনকে রাত ১০টার দিকে জখম করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিদ্রোহী প্রার্থী আবুল কালাম বলেন, তিনি আওয়ামী পরিবারের সন্তান হিসেবে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দল তাঁকে মনোনয়ন দেয়নি। এ কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী হাতেম আলী বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিথ্যা অভিযোগ এনে ‘হয়রানিমূলক’ মামলা করেছেন। নির্বাচনে এসে জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় তিনি মিথ্যা অভিযোগ দিচ্ছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।