আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর প্রচারে হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রচারণার সময় যশোর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এস এম কামরুজ্জামান ও তাঁর সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। এতে আহত তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এস এম কামরুজ্জামান ও তাঁর সমর্থকেরা সকালে রেলগেট এলাকায় নির্বাচনী প্রচারে যান। বেলা ১১টার দিকে রড ও লাঠিসোঁটা নিয়ে কয়েকজন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় কামরুজ্জামানের সমর্থক মতিয়ার রহমান, শফিউল ইসলাম ও ইলিয়াড হোসেন আহত হন। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কামরুজ্জামান।
এস এম কামরুজ্জামান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদারের অনুসারীরা রড ও হকিস্টিক নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পেছন থেকে আমাকে রড দিয়ে আঘাত করতে উদ্ধত হলে আমার তিনজন কর্মী ঠেকাতে গিয়ে আহত হয়। আমি প্রাণে বেঁচে গিয়েছি। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’ দুপুরে কামরুজ্জামান যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব কথা জানান।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার বলেন, ‘কামরুজ্জামানের ওপর হামলার বিষয়ে আমার কিছুই জানা নেই। মূলত তিনি (কামরুজ্জামান) আওয়ামী লীগের কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ চাপাচ্ছেন।’
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে হোটেলের ভেতর থেকে কামরুজ্জামান ও তাঁর সমর্থকদের উদ্ধার করা হয়েছে।