আ.লীগ-ছাত্রলীগের নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারসহ (ঠান্ডু) আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে কালিহাতী থানায় মামলাটি করেন উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মাহবুব আনোয়ার।
মামলার অন্য আসামিরা হলেন: কালিহাতী পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ্, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ (রাজু) ও ছাত্রলীগের কর্মী মোহাম্মদ উজ্জ্বল।
বাদী এজাহারে অভিযোগ করেন, গত সোমবার বিকেলে অফিস শেষে বাসায় ফেরার পথে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জিন্নাহ্, মনিরুজ্জামান, উজ্জ্বল, রাজুসহ সাত-আটজন তাঁর গতিরোধ করেন। তাঁরা জানান, উপজেলা চেয়ারম্যান তাঁকে দেখা করতে বলেছেন। তিনি সেখানে না গিয়ে মুঠোফোনে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান। কিন্তু তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। পরে বিষয়টি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোনে জানানোর চেষ্টা করলে তাতেও বাধা দেওয়া হয়। এরপর জোর করে তাঁকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চেয়ারম্যান এসে তাঁকে উপজেলার ভন্ডেশ্বর মৌজার নামঞ্জুর হওয়া একটি আপিল মামলার রায় ছিঁড়ে ফেলে আবার তাঁর কথামতো লিখে দিতে বলেন। একই সঙ্গে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদাও দাবি করা হয়। এসবে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান নানাভাবে হুমকি-ধমকি দেন।
জানতে চাইলে চেয়ারম্যান মোজহারুল ইসলাম জানান, ভন্ডেশ্বর মৌজার জনৈক খলিলুর রহমানের জমির একটি রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলায় মাহবুব আনোয়ার দুই লাখ টাকা উৎকোচ নিয়েছেন। কিন্তু কাজ করে দেননি। তাঁকে সেদিন অফিসে ডেকে এনে সেই টাকা ফেরত দেওয়ার অনুরোধ করা হয়েছিল।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম ইকবাল জানান, মামলাটি উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এই মামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা মামলাটি ষড়যন্ত্রমূলক উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।