আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল রোববার স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় যুবলীগের একজন কর্মী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দলীয় নেতাদের ফেস্টুন ছেঁড়া নিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান বলে জানা গেছে।
যুবলীগ কর্মী নিহত হওয়ার পর আওয়ামী লীগের লোকজন বিএনপির সমর্থকদের ছয়টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।
নিহত যুবলীগ কর্মীর নাম আমজাদ হোসেন মোল্লা (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচরুখী এলাকার মৃত ইদ্রিস মোল্লার ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারের বাসিন্দা। তাঁর ছবিসহ কয়েকটি রাজনৈতিক ফেস্টুন ও ডিজিটাল ব্যানার আওয়ামী লীগের লোকজন শনিবার রাতে ছিঁড়ে ফেলেন। এর জেরে বিএনপির কর্মী-সমর্থকেরা গতকাল সকালে আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ নজরুল ইসলামের ছবিযুক্ত কয়েকটি ফেস্টুন ছিঁড়ে ফেলেন। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টার দিকে বাধে সংঘর্ষ।
ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাকির ভূঁইয়ার ভাষ্য, যুবদল নেতা নজরুল ইসলামের সমর্থক ইকবাল, রুহুল আমিন ও চাক্কু মামুনসহ ১০-১২ জন আমজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এরপর সজীব তাঁর পায়ে গুলি করে এবং তাঁর (আমজাদ) লাইসেন্স করা পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, উভয় পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বেশ কয়েকজন হন গুলিবিদ্ধ। তাঁদের মধ্যে আমজাদ, দীন ইসলাম ও মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আমজাদ মারা যান। দীন ইসলাম ও মনিরের অবস্থাও আশঙ্কাজনক। এ ছাড়া আহত আইউব, বাবু, সাইফুল, তাওহীদ ও সোলায়মানসহ অন্যদের রূপগঞ্জের ভুলতা ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলেন, সংঘর্ষের সময় ব্যাপক গোলাগুলি হয়। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। বেলা সাড়ে ১১টা থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল। এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। আমজাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বেলা একটার দিকে ফের ওই সড়ক অবরোধ করেন। ভাঙচুর করেন বেশ কয়েকটি গাড়ি। এরপর তাঁরা পাঁচরুখী এলাকার বিএনপি-সমর্থক ফটিক, ইকবাল ও আবদুল কাদিরের ছয়টি বসতঘরে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেন।
আবদুল কাদিরের ছেলের স্ত্রী খোদেজা বেগম বলেন, আওয়ামী লীগের লোকজন পুলিশের উপস্থিতিতে তাঁদের বাড়িঘরে ভাঙচুর চালান ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁরা একটি পাকা ঘরে লুকিয়ে প্রাণে বাঁচেন।
যুবলীগ নেতা বাকির ভূঁইয়া জানান, ব্যবসায়িক কারণে আমজাদ নারায়ণগঞ্জের জামতলায় পরিবার নিয়ে বসবাস করতেন। মাঝেমধ্যে তাঁর পৈতৃকবাড়ি পাঁচরুখী এলাকায় আসতেন। গতকাল সকালেও এসেছিলেন। তিনি পাঁচরুখী বাজার থেকে মহাসড়কে ওঠার সময় তাঁর ওপর হামলা চালান বিএনপির নেতা নজরুলের সমর্থকেরা।
উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের লোকজন বিএনপির ফেস্টুন ছিঁড়ে ফেলার কারণেই এই ঘটনার সূত্রপাত।
খবর পেয়ে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন আমজাদের পরিবারের সদস্যরা। সেখানে সাংসদ সাংবাদিকদের বলেন, গোটা উপজেলায় মানুষ যেখানে শান্তিতে বসবাস করছে, সেখানে খুনি চক্র সে শান্তি বিনষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে।
ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, আমজাদের গায়ে গুলি লেগেছে। এ ছাড়া তাঁকে ধারালো অস্ত্রও দিয়েও কোপানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করেছে পুলিশ। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।