আ.লীগ-যুবলীগ নেতাদের বিরুদ্ধে শিক্ষক বের করে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্থানীয় দুই নেতার বিরুদ্ধে কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার নেতারা তাঁদের লোকজন নিয়ে বিদ্যালয়ে অবস্থান নেওয়ায় শিক্ষকেরা কাজে যোগ দিতে পারেননি বলে জানা গেছে। শিক্ষকেরা হলেন তাহসিন উদ্দিন, শামীমা আকতার ও বাবুল হোসেন।

উপজেলার কাছিয়াবুনিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা ও বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, গত রোববার দুপুর ১২টার দিকে বিদ্যালয় চলাকালে রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজু হাওলাদার ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সহিদের নেতৃত্বে ১০-১২ জন গিয়ে কর্তব্যরত ওই তিন সহকারী শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেয়। এ সময় তারা তাহসিনকে মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক জয়নুল আবেদীন বলেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বছর দুয়েক আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাকরি থেকে অবসরে যান। এরপর সহকারী শিক্ষক মঞ্জুরুল আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মী ও শিক্ষকদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আদালতের নির্দেশে মঞ্জুরুল আলমই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান।

সহকারী শিক্ষক শামীমা আকতার বলেন, নেতাদের অভদ্র আচরণে তাঁরা বিদ্যালয় থেকে সরে যেতে বাধ্য হন। তবে মনজু হাওলাদার ঘটনাটি অস্বীকার করে বলেন, ওই ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন।