আ.লীগ-যুবলীগের পাল্টাপাল্টি হামলা
বগুড়ার ধুনট উপজেলায় বালু বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার ভান্ডারবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, ভান্ডারবাড়ী উচ্চবিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬১ লাখ টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের কাজ চলছে। এ নির্মাণকাজের জন্য ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ঠিকাদারের কাছে বিক্রি করছেন। এই টাকার কোনো ভাগ পাননি স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল দুপুর ১২টার দিকে ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন আহম্মেদ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিন নেতা-কর্মীদের নিয়ে বালু উত্তোলনে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ভান্ডারবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টা হামলা চালিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে মারধর করেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল বারিক বলেন, ‘আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মী মিলে যমুনা নদী থেকে বালু উত্তোলন করছি। এই বালু ঠিকাদারের কাছে বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় রিপন আহম্মেদ কয়েকজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী নিয়ে এসে আমাদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরা বালু উত্তোলনে বাধা দেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁদের মারধর করেন।’
রিপন আহম্মেদ বলেন, ‘বালু উত্তোলনের কারণে যমুনার বাঁ পাশের তীর সংরক্ষণ প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এলাকার স্বার্থে তাঁদের বালু উত্তোলন বন্ধ করতে বলেছি। কোনো চাঁদা দাবি করা হয়নি। আমার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো লোক ছিল না।’ ধুনট থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির জানান, বালু উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি হামলার বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।