আ.লীগ-সমর্থকদের বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ কর্মীদের ধরিয়ে দেওয়া আগুনে ভস্মীভূত এক আওয়ামী লীগ সমর্থকের বাড়ি। ছবিটি গতকাল সকাল ১০টার দিকে তোলা l প্রথম আলো
কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ কর্মীদের ধরিয়ে দেওয়া আগুনে ভস্মীভূত এক আওয়ামী লীগ সমর্থকের বাড়ি। ছবিটি গতকাল সকাল ১০টার দিকে তোলা l প্রথম আলো

কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রামে আওয়ামী লীগ ও জাসদ-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত জাসদ-সমর্থক বাবলু মণ্ডল (৩৫) গত বুধবার দিবাগত রাতে মারা গেছেন। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ-সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলুর মৃত্যুর খবরে গতকাল সকাল সাতটার দিকে তাঁর পক্ষের লোকজন চাঁদগ্রামে আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত আটটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। আগুনে রবিউল মালিথা, অলি, কাদের, মিরাজ, নাসির, মমিনুল, সাদেক, হাফিজুলের বাড়িঘরের সবকিছু পুড়ে যায়।
সকাল সাড়ে নয়টার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, আগুনে পোড়া ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আতঙ্কিত লোকজন আবারও হামলার আশঙ্কায় বাড়ির মালামাল নছিমনে করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এলাকার সড়ক এবং বিভিন্ন বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও হামলার আশঙ্কায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসবাবপত্র নিয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যান l প্রথম আলো
আরও হামলার আশঙ্কায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসবাবপত্র নিয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যান l প্রথম আলো


রবিউল মালিথার শাশুড়ি হেনা খাতুন বলেন, ‘সকালে মেয়ে ও জামাই প্রাণভয়ে সন্তান নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে এখানে এসে দেখি বাড়ির সব জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।’
একই পাড়ায় নিহত বাবলু মণ্ডলের বাড়িতে তাঁর স্ত্রী সেলিনা খাতুন ও মেয়ে উর্মিলা খাতুনকে কাঁদতে দেখা যায়। সেলিনা খাতুন জানান, তাঁর স্বামী ভালো মানুষ ছিলেন। বিনা অপরাধে তাঁকে হত্যা করা হয়েছে। বাবলু মণ্ডলের বড় ভাই সাজুল মণ্ডল বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাকে সাজানো বলে দাবি করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে গত শুক্রবার রাতে ও শনিবার সকালে দুই দফায় চাঁদগ্রামে আওয়ামী লীগ-সমর্থক মালিথা বংশ ও জাসদ-সমর্থক মণ্ডল বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় আটজন আহত হন। এর মধ্যে জাসদ-সমর্থক বাবলুর অবস্থা গুরুতর ছিল। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার রাত আটটার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
গতকাল বেলা ১১টার দিকে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনাস্থলে যান। এ সময় তিনি বলেন, শুক্র ও শনিবারের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ দুটি ও পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কোনো মামলা হয়নি।