আইএফআইসি ব্যাংকের ডিএমডিসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র
ভুয়া ঋণপত্রের এলসির মাধ্যমে মালামাল আমদানির নামে ভারতে অর্থ পাচারের মামলায় আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফরিদ উদ্দিন আল মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা খুলনা জজ আদালতে এ অভিযোগপত্র দেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় তাঁরা হলেন আইএফআইসি ব্যাংকের খুলনা শাখার তৎকালীন ব্যবস্থাপক (বর্তমানে ডিএমডি) ফরিদ উদ্দিন আল মাহমুদ, সাবেক কর্মকর্তা (বর্তমানে বেসরকারি সাউথ বাংলা ব্যাংকের এসভিপি) শেখ রেবেকা রহমান, আমদানিকারক হাফিজুর রহমান, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্সি (সিঅ্যান্ডএফ) মেসার্স সুলতান এন্টারপ্রাইজের মালিক সুলতান আহমেদ ও রুপালি এজেন্সির মালিক নজরুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল হুদা বলেন, ১৯৯৯ ও ২০০০ সালে এ জালিয়াতির সময়ে আইএফআইসি ব্যাংকের ডিএমডি ব্যাংকটির খুলনা শাখার ব্যবস্থাপক ছিলেন।
দুদক সূত্র জানায়, অর্থ পাচারের অভিযোগে ২০১৪ সালের ১৩ নভেম্বর খুলনা থানায় মামলা দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ। মামলায় শেখ ব্রাদার্সের মালিক হাফিজুর রহমানকে আসামি করা হয়েছিল। তদন্তে এ অর্থ পাচারের সঙ্গে আইএফআইসি ব্যাংকের দুই কর্মকর্তা, দুটি সিঅ্যান্ডএফ এজেন্সির দুজন মালিক ও মামলার এজাহার নামীয় আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন।
তদন্ত কর্মকর্তা জানান, হাফিজুর রহমান তাঁর শেখ ব্রাদার্সের নামে সাতটি এলসির মাধ্যমে ভারত থেকে মালামাল আমদানির কাগজপত্র দেখান। এসব এলসির মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ এজেন্সির মালিকদের যোগসাজশে আমদানিকারক হাফিজুর রহমান ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশি টাকায় ৮৮ লাখ ৫ হাজার ৭৫০ টাকা পাচার করেন।
দুদকের তদন্তে প্রতিবেদনে বলা হয়েছে, এসব এলসির মাধ্যমে মালামাল আমদানি করা হলে সরকার ৪৮ লাখ ৯২ হাজার ৪১১ টাকা রাজস্ব পেত। মালামাল আমদানি না করায় মুদ্রা পাচার ও রাজস্ব ফাঁকিসহ মোট ১ কোটি ৩৬ লাখ ৯৮ হাজার ১৬১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে।