আইএলও কর্মকর্তার গাড়ি জব্দ
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক কর্মকর্তার ব্যবহৃত গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল রোববার ওই গাড়িটি ইংলিশ ইন অ্যাকশন কার্যালয় থেকে জব্দ করা হয়।
কর্মকর্তারা বলছেন, আইএলওর জুনিয়র প্রফেশনাল নিসকে জ্যানসেন ২০১৪ সাল থেকে শুল্কমুক্ত কোটায় আনা একটি পাজেরো গাড়ি ব্যবহার করছিলেন। তিনি সম্প্রতি কম্বোডিয়ায় বদলি হয়ে যান। শুল্ক গোয়েন্দা আইএলওকে গাড়িটি ফেরত দেওয়ার জন্য চিঠি দেয়। পরে তাঁরা অনুসন্ধানে জানতে পারেন, কাস্টমসের অনুমতি না নিয়ে তিনি ইংলিশ ইন অ্যাকশনের টিম লিডার সুজান উইলিয়ামসনের কাছে ওই গাড়িটি বিক্রি করে দেন। দেশ ছাড়ার আগে তিনি তাঁর পাস বইটিও হস্তান্তর করেননি। গাড়িটি জব্দ করার সময় সুজান উইলিয়ামসন গুলশানের অফিসে ছিলেন না। তাঁর পক্ষে ওই অফিসের মানবসম্পদ ব্যবস্থাপক আফরোজা আক্তার গাড়িটি শুল্ক গোয়েন্দা দলের কাছে বুঝিয়ে দেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাড়িটির দাম আনুমানিক দেড় কোটি টাকা। শুল্ক আইন অনুযায়ী দেশ ছাড়ার আগে গাড়ি ও পাস বুক হস্তান্তর না করে নিসকে জ্যানসেন আইন ভঙ্গ করেছেন। সুজান উইলিয়ামসন কোনো অনুমোদন ছাড়া শুল্কমুক্ত গাড়ি নিজ দখলে রেখেছেন। দুজনেই শাস্তিযোগ্য অপরাধ করেছেন, দুজনের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বিজ্ঞপ্তি