আইএস এলাকায় যাওয়া ব্যক্তিরা কালো তালিকাভুক্ত

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যাঁরা ইরাক ও সিরিয়ার আইএস-অধ্যুষিত এলাকায় চলে গেছেন, তাঁরা আর ফিরতে পারবেন না। তাঁদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের কর্মকর্তারা বলছেন, ইরাক ও সিরিয়ার বড় অংশ থেকে আইএস যোদ্ধারা সরে যেতে বাধ্য হয়েছেন বা নিহত হয়েছেন। এ অবস্থায় বাংলাদেশ থেকে ওই অঞ্চলগুলোয় থাকা ব্যক্তিদের প্রবেশ ঠেকানো জরুরি হয়ে পড়েছে।
তবে আইএস যোগ দিতে বাংলাদেশ থেকে কতজন গিয়েছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশ দিচ্ছে না। তাদের ধারণা, এই সংখ্যা ৫০-এর বেশি হবে না।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা বৈধ পথে আসার চেষ্টা করবেন বলে তিনি মনে করেন না।
মনিরুল বলেন, ‘যারা দেশ ছেড়ে গেছে, তারা ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। তাদের পাসপোর্টের তথ্য অভিবাসন পুলিশকে দেওয়া হয়েছে। এতে করে তাদের বৈধ পথে দেশে ঢোকার আর সুযোগ নেই।’
তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজির রিসার্চ ফেলো আশিক রহমান বলেছেন, বিমানবন্দর দিয়ে প্রবেশের ক্ষেত্রে হয়তো আইএসফেরত বাংলাদেশিরা বাধা পাবেন, তবে সীমান্ত দিয়ে প্রবেশের ঝুঁকি থেকে যাচ্ছে।
বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে জঙ্গিবাদের গোড়াপত্তন হয়েছে আফগান-রুশ যুদ্ধফেরত মুজাহিদদের হাতে। সে বিবেচনায় আইএসফেরত যোদ্ধারা বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠবেন, এটিই স্বাভাবিক। তাঁরা বসে থাকবেন না এবং অন্যদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করবেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত তিন-চারজন বাংলাদেশে এসেছেন। তাঁরা দেশের বিভিন্ন কারাগারে আটক আছেন। তাঁদের একজন প্রায় ১০টি দেশ ঘুরে বান্দরবান দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছেন।
তাঁদের মধ্যে ডেসকোর সাবেক প্রকৌশলী গাজী কামরুস সালাম সোহান একজন। ২০১৫ সালের মে মাসে তিনি তুরস্ক সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। তুরস্ক পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠায়। প্রায় দেড় বছর পর র্যাব ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার দেখায়। তিনি এখন কারাগারে।
দুশ্চিন্তা বাংলাদেশিদের নিয়ে, বংশোদ্ভূতদের নিয়েও: পুলিশের আশঙ্কা, বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি বা প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারেন।
পুলিশের এই তালিকায় যুক্তরাজ্যের লুটনের একটি পরিবার থেকে ১২ জন রয়েছেন। এই পরিবারটির প্রধান ৭৫ বছর বয়স্ক আবদুল মান্নান। পরিবারের ১ থেকে ১১ বছর বয়সী তিনটি শিশু, নারী ও পুরুষ সদস্যদের সবাই আইএস-নিয়ন্ত্রিত অঞ্চলে রয়েছেন বলে ধারণা করছে বেডফোর্ডশায়ার ও বাংলাদেশের পুলিশ।
২০১৫ সালের ১০ এপ্রিল তাঁরা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন। ১১ মে তুরস্কের ইস্তাম্বুল হয়ে সিরিয়া যান বলে তথ্য পেয়েছে পুলিশ।
র্যাবের নিখোঁজ তরুণদের তালিকায় থাকা ইব্রাহীম হাসান খান ও জুনায়েদ হাসান খান দুই ভাই সৌদি আরবে ছিলেন। সেখান থেকে ইব্রাহীম হাসান খান সিরিয়ায় চলে যান। তবে জুনায়েদ হাসান খান কোথায় আছেন, সে সম্পর্কে পুলিশ নিশ্চিত নয়। এই দুই ভাই পরিবারের সঙ্গে সৌদি আরবে থাকলেও তাঁরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করছিলেন।
জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল্লাহ ওজাকির কোনো খোঁজ নেই। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্যক্তি জাপানে বিয়ে করে নাগরিকত্ব নিয়েছেন। তিনি বুলগেরিয়ায় যাওয়ার কথা বলে নিখোঁজ হন। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে বাংলাদেশ থেকে দুই তরুণকে আইএস-অধ্যুষিত এলাকায় পাচার করার।

আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল: শিশু বিশেষজ্ঞ খন্দকার রোকন উদ্দীন, তাঁর স্ত্রী নাঈমা আক্তার, দুই মেয়ে এবং এক মেয়ের স্বামী গত বছরের আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তবে এখন আর যোগাযোগ নেই বলে দাবি করেছেন নাঈমা আক্তারের বড় বোন হালিমা আক্তার।
মালিবাগ চৌধুরীপাড়ার একটি ভবনে নাঈমা আক্তার, হালিমা আক্তার ও তাঁদের অন্য ভাইবোনেরা একসঙ্গে থাকতেন। সে বাড়িতে বসে হালিমা আক্তারের সঙ্গে কথা হয়।
হালিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘ওরা আগে প্রায়ই ফোন করত। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, তোমরা কোথায় আছো? ইরাকে না সিরিয়ায়? ওরা বলেছে, ওরা ইসলামিক স্টেটে আছে। রোকন সেখানে একটি হাসপাতালের পরিচালক হয়েছে বলে শুনেছি। তবে রুশ আক্রমণ শুরুর পর আর খবর পাইনি। হাসপাতালেও বোমা হামলা হয়েছে। ওরা বেঁচে আছে না মারা গেছে, তা জানি না।
তাহমিদ সাফি ও সায়মা খান মালয়েশিয়ায় মধুচন্দ্রিমায় যাওয়ার কথা বলে ২০১৫ সালের ২৩ এপ্রিল বারিধারার বাসা ছেড়ে যান। পুলিশ বলছে, মালয়েশিয়ায় তিন মাস থাকার পর তাঁরা আইএস-অধ্যুষিত এলাকায় চলে গেছেন।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল প্রথম আলোকে বলেন, তাহমিদ মায়ের সঙ্গে যোগাযোগ করতেন। ওখানে যাওয়ার পর তাঁদের একটা মেয়েও হয়েছে। এখন আর যোগাযোগ নেই বলে জানিয়েছেন।
চিকিৎসক আরাফাত রহমান তুষারদের বারিধারা ডিওএইচএসের বাসায় গিয়ে জানা গেছে, তিনিও শুরুর দিকে যোগাযোগ করতেন। এখন আর যোগাযোগ নেই।
পুলিশ বলছে, যাঁরা দেশ ছেড়েছেন, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছেন বা অন্য দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইরাক ও সিরিয়ায় গেছেন, তাঁদের সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, ‘যারা গেছেন, তারা পরিবার বা পরিবারের বাইরে যোগাযোগ রেখেছে, এমন প্রমাণ আছে। ইসলামিক স্টেট নিয়ে আরবিতে লেখা একটি সাপ্তাহিক পুস্তিকার অনুলিপি আমরা পেয়েছি। আশ্চর্য হবেন জেনে, ইরাক বা সিরিয়ার আইএস-অধ্যুষিত এলাকায় থাকা কারও কাছ থেকে সাপ্তাহিক ওই পুস্তিকাটি সম্পর্কে তথ্য পেয়েছে বাংলাদেশের এক তরুণ। সে এটি প্রচারেরও চেষ্টা চালাচ্ছিল। কেউ যেন আর উদ্বুদ্ধ না হয়, সে জন্যই নজরদারি।’