আইএসে যোগ দিতে ইচ্ছুক ১৫-২০ যুবকের খোঁজে পুলিশ
মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে চান—এ রকম ১৫-২০ জনকে খুঁজছে পুলিশ। এঁদের বেশির ভাগই প্রকৌশলী। উচ্চশিক্ষিত ও মেধাবী এসব ব্যক্তি ইরাক বা সিরিয়া যাওয়ার জন্য তলে তলে সংগঠিত হচ্ছিলেন। আইএসের সঙ্গে জড়িত সন্দেহে আমিনুল ইসলাম বেগ ও সাকিব বিন কামাল ধরা পড়ার পর এঁরা সবাই যোগাযোগমাধ্যমের বাইরে চলে গেছেন বলে মনে করছে পুলিশ।
এদিকে আমিনুলকে গ্রেপ্তারের পর তাঁর কর্মস্থল কোমল পানীয় কোকাকোলা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের গুলশান কার্যালয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ওই কার্যালয় থেকে পুলিশ আমিনের ব্যবহার করা একটি ল্যাপটপ উদ্ধার করেছে। ওই ল্যাপটপ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
২৪ মে রাজধানীর উত্তরার বাসা থেকে কোকাকোলার আইটি বিভাগের প্রধান আমিনুল ইসলাম বেগ ও লালমাটিয়ার বাসা থেকে একটি ইসলামি স্কুলের প্রধান সাকিব বিন কামালকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বইপত্র, মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহাদত হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। সেই মামলায় প্রথম দফায় তিন দিনের রিমান্ডে এনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বৃহস্পতিবার আবার তাঁদের পাঁচ দিনের রিমান্ডে আনা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন।
জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে বেগ ও সাকিবের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আইএসে যোগ দিতে ইচ্ছুক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানান, আইএসে যোগ দিতে ইচ্ছুক এসব যুবক সবাই উচ্চশিক্ষিত ও মেধাবী। এঁদের বেশির ভাগই দেশের বিভিন্ন ক্যাডেট কলেজের সাবেক ছাত্র। তাঁরা সরকারি-বেসরকারি নামীদামি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। কিন্তু ভেতরে ভেতরে তাঁরা আইএসে যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাঁরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে তৎপরতা চালাচ্ছেন। এ রকম পাঁচ-ছয়টি দলের সন্ধান পেয়েছে পুলিশ। এসব দলের ১৫-১৬ জন করে সদস্য আছেন। এঁরা কঠোর গোপনীয়তার সঙ্গে বিভিন্ন কৌশল অবলম্বন করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছেন। গ্রেপ্তার হওয়া আমিনুল ইসলাম বেগ এ রকম একটি দলের নেতা।
পুলিশ কর্মকর্তারা জানান, আমিনুল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁর দলের সদস্যদের মধ্যে রাজশাহী ক্যাডেট কলেজের সাবেক ছাত্র এবং মেরিন প্রকৌশলী নজিবুল্লাহ আনসারি, মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ছাত্র ও প্রকৌশলী গাজি সোহান উত্তরার সফটওয়্যার প্রকৌশলী আতিক সরকার, বিদ্যুৎ প্রকৌশলী সিফাত আলী, একটি কলেজের শিক্ষক আবদুল্লাহ হাসান, জাভেদ কায়সার, ফৌজদারহাট ক্যাডেটের সাবেক ছাত্র ফিরোজ, প্রকৌশলী সিরাজুল, আরাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মীর ফরিদুল হক, সিলেট ক্যাডেট কলেজের সাবেক ছাত্র আবু সামির, কুমিল্লার সফটওয়্যার প্রকৌশলী ফয়জুল, চট্টগ্রামের শিক্ষার্থী সৈয়দ সাদ হাসনাইন উল্লেখযোগ্য। এঁদের খুঁজছে পুলিশ। তবে পুলিশের কাছে তাঁদের কারও বিস্তারিত ঠিকানা নেই বলে জানা গেছে।
পুলিশ জানায়, কিছুদিন আগে জাপানে বসবাসরত সাইফুল্লাহ নামের এক ব্যক্তির সঙ্গে আমিনুল বেগের যোগাযোগ হয়। তাঁর সঙ্গে সরাসরি সিরিয়ার আইএস সদস্যদের যোগাযোগ রয়েছে। সাইফুল্লাহ ওরফে আবু মুসা বর্তমানে জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত। এক জাপানি নারীকে বিয়ে করে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। বেগ ও সাকিবকে জিজ্ঞাসাবাদকারী গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাকিব ইতিমধ্যে সাইফুল্লাহর মাধ্যমে সিরিয়ায় যুদ্ধরত গাজি সোহানের কাছে দেড় লাখ টাকা পাঠিয়েছেন। তবে সিরিয়া হয়ে, না তুরস্ক হয়ে তাঁরা যাবেন—তা এখনো ঠিক করা হয়নি। নিজেদের যোগাযোগের জন্য তাঁরা বিশেষ একটি মাধ্যম ব্যবহার করেন। এ মাধ্যমে পাঁ-ছয় মিনিট পর পর ডাটাগুলো নষ্ট হয়ে যায়।