ইরাক-সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের কাছে অস্ত্র চেয়ে চিঠি লিখেছিলেন ‘নব্য জেএমবি’র নেতা সারোয়ার জাহান। তাঁর আশুলিয়ার বাসা থেকে একাধিক চিঠি, জঙ্গিদের সাংগঠনিক প্রতিবেদন ও পরিকল্পনার অনেক প্রমাণ র্যাব উদ্ধার করেছে।
গত বছরের জুলাইয়ে লেখা এমন একটি চিঠিতে বাংলাদেশের ভূ-প্রকৃতি, আবহাওয়া, আইনপ্রয়োগকারী সংস্থা, সেনাবাহিনী, সক্রিয় অন্যান্য জঙ্গি সংগঠন এবং স্থানীয় ইসলামি চিন্তাবিদদের সম্পর্কে নিজেদের ধারণার কথা জানানো হয়েছে। সেখানে সরকারি স্থাপনায় বড় আকারের হামলার পরিকল্পনার কথাও রয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য বোমা তৈরির প্রযুক্তি ও সরঞ্জাম, গণমাধ্যমবিষয়ক সহযোগিতা এবং প্রচুর স্বয়ংক্রিয় অস্ত্র ও গুলি চাওয়া হয়েছে।
নব্য জেএমবি-প্রধানের পরিচয় সম্পর্কে জানাতে গত শুক্রবার রাজধানীর বিএসইসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে র্যাব। এতে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ৮ অক্টোবর ঢাকার অদূরে আশুলিয়ায় র্যাবের অভিযান চলাকালে পাঁচতলা থেকে পড়ে নিহত ব্যক্তি ছিলেন নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান (৩৫)। তাঁর সাংগঠনিক নাম ‘শায়খ আবু ইব্রাহিম আল হানিফ’।
ওই সংবাদ সম্মেলনে এই জঙ্গিনেতার আশুলিয়ার বাসা থেকে পাওয়া বিভিন্ন চিঠিপত্র, সাংগঠনিক প্রতিবেদন, খুদে বার্তার যোগাযোগ, পাঠ্যক্রম, হামলার লিখিত পরিকল্পনা ইত্যাদি দেখানো হয়। এর মধ্যে আইএসের নীতিনির্ধারণী শুরা কাউন্সিলের সদস্য ইরাকি জঙ্গিনেতা আবু উবায়দাহ আবদুল হাকিমের কাছে ই-মেইলে পাঠানো চিঠিটিও ছিল। সাংগঠনিক পরিচয় ‘শাইখ আবু ইব্রাহিম আল হানিফ’ নামে চিঠিটি ইংরেজিতে লেখা হয়েছিল। নিচে তারিখ রয়েছে ১৬ শাওয়াল, ১৪৩৬ হিজরি (৩১ জুলাই ২০১৫)।
এই চিঠির বিষয়ে গতকাল শনিবার জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছেন।
ওই চিঠি ছাড়া আইএসের সঙ্গে বাংলাদেশের এই নব্য জেএমবির যোগাযোগের আর কোনো তথ্য-উপাত্ত র্যাব পেয়েছে কি না, জানতে চাইলে মুফতি মাহমুদ বলেন, ‘আমাদের যা বলার ছিল আমরা শুক্রবারই বলেছি। এর বাইরে এখনো কোনো তথ্য আমাদের কাছে নেই।’
আইএসের সঙ্গে নব্য জেএমবির যোগাযোগ রয়েছে কি না—এই প্রশ্ন শুক্রবার সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালকের কাছে করা হয়েছিল। জবাবে তিনি বলেছিলেন, ‘সরাসরি কোনো অ্যাফিলিয়েশন (সম্পৃক্ততা) পাইনি। তবে দেশে-বিদেশে সহানুভূতিশীল (সিম্পেথাইজার) থাকতে পারে। যেমন, আমরা দেখেছি দুবাই থেকে টাকা এসেছে। ওটা তো আইএসের জায়গা না।’
আইএসের কাছে সাহায্য চেয়ে ই-মেইলে পাঠানো ওই চিঠির শুরুতেই বলা হয়, ‘১২ শাওয়াল ১৪৩৬ হিজরিতে (১৭ জুলাই ২০১৫) আপনার ই-মেইল বার্তাটি আমরা পেয়েছি এবং আমাদের শুরা সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আপনার সদয় বিবেচনার জন্য নিচের তথ্যগুলো পাঠাচ্ছি।’
এরপর চিঠিতে বলা হয়, ‘এখন আমাদের কাছে ৩০০ সৈন্য, ২০টি আধা স্বয়ংক্রিয় ও ৯টি স্বয়ংক্রিয় অস্ত্র এবং কিছু হ্যান্ড গ্রেনেড রয়েছে। আমরা আরও কিছু অস্ত্র কিনছি ও আরও সৈন্য নিয়োগ দিচ্ছি। আমরা আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ স্টেশন, ছোট আকারের সেনা ও বিজিবি ক্যাম্পে হামলা চালাতে সক্ষম। কিন্তু হামলার প্রতিক্রিয়ায় সরকার (জঙ্গিদের ভাষায় ‘তাগুত’) যে অভিযান চালাতে পারে, তা সামাল দেওয়া সম্ভব নয়। কারণ, পর্যাপ্ত নিরাপদ আস্তানা ও অস্ত্রের অভাব রয়েছে। এরপরও আমরা সাধারণ নাগরিকদের আর্থিক প্রতিষ্ঠান, নাস্তিক ও মুরতাদদের ওপর হামলা (অপারেশন) চালাচ্ছি।’
চিঠিতে সাহায্য চেয়ে বলা হয়েছে, ‘এ সময় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বোমা তৈরির প্রযুক্তি ও সরঞ্জাম, গণমাধ্যমবিষয়ক সাহায্য ও প্রচুর স্বয়ংক্রিয় অস্ত্র ও গুলি।’
এর আগে চলতি মাসের শুরুতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকেবলেছিলেন, নারায়ণগঞ্জের অভিযানে নিহত নব্য জেএমবির নেতা তামিম চৌধুরীর আস্তানা থেকে এমন একটি চিঠি উদ্ধার করা হয়। ২০১৫ সালের ২ আগস্ট বিদেশে কারও কাছে তামিমের পাঠানো ওই চিঠিতেও তাঁদের সংগঠনের সদস্যসংখ্যা ৩০০ বলে উল্লেখ করা হয়। ওই কর্মকর্তা বলেন, ওই চিঠি লেখার পর থেকে গুলশান হামলার আগ পর্যন্ত নব্য জেএমবির ১৫০ জনকে গ্রেপ্তার এবং বিভিন্ন অভিযানে বন্দুকযুদ্ধে ও বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে ১০ জন নিহত হন। এরপর বিভিন্ন অভিযানে নিহত হন আরও ৩২ জন। আরও কয়েকজন গ্রেপ্তার হন। অর্থাৎ ৩০০ জনের ওই জনবল এখন আর নেই।
আর, আইএসের কাছে নব্য জেএমবির কথিত প্রধান সারোয়ার জাহানের লেখা যে চিঠি র্যাব উদ্ধার করেছে, তাতে দাবি করা হয়, জঙ্গি সংগঠনটির শক্ত সাংগঠনিক কাঠামো রয়েছে। নতুন সদস্যদের জন্য পাঠ্যক্রম রয়েছে। দৌড়ানো, সাঁতার কাটা, মার্শাল আর্ট, কুংফু ইত্যাদি তাদের শিক্ষণের অংশ। এভাবে তাদের কয়েকটি ধাপ পার করতে হয়। একজন সদস্য সম্পর্কে ভালোভাবে পর্যবেক্ষণ ও গবেষণার পর তাদের যোগাযোগ অ্যাপ্লিকেশন ‘টেলিগ্রাম’ গ্রুপে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়। তিন ধাপ পার হওয়ার পর যোগাযোগ অ্যাপ্লিকেশন ‘থ্রিমা’ গ্রুপে যুক্ত করা হয়। ইসলামিক স্টেট ঢাকা, রাজশাহী, মাদারীপুর এবং ইসলামিক স্টেট নোয়াখালী নামে তাদের চারটি গ্রুপ রয়েছে। এ ছাড়া বোমা তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে জনসংযোগ ইত্যাদির জন্য তাদের পৃথক লোক রয়েছে। জনসংযোগ ও প্রচারণার জন্য সাতটি দল রয়েছে, প্রতিটি দলে আটজন করে রয়েছে। প্রতিটি দলের পৃথক কোড নাম রয়েছে।
পুলিশের কর্মকর্তারা অনেক দিন থেকেই বলে আসছেন, যোগাযোগের জন্য জঙ্গিরা টেলিগ্রাম ও থ্রিমার মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। এর মধ্যে আইএসের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা ছড়ানোর জন্য বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে বিভিন্ন সময়।
অন্য জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: সারোয়ারের লেখা ওই চিঠিতে বাংলাদেশে অন্যান্য জঙ্গি সংগঠনের অবস্থা ও তাদের সঙ্গে যোগাযোগের বিষয়েও লেখা রয়েছে। আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা (একিউআইএস) সম্পর্কে বলা হয়েছে, তারা খিলাফতের যৌক্তিকতার বিরোধিতা করেছে। তবে তারা যোগাযোগ (মিডিয়া) মাধ্যমে বেশি সক্রিয়, মাঠপর্যায়ে তাদের নিয়ন্ত্রণ সামান্য। পুরোনো জেএমবি সম্পর্কে বলা হয়, ‘মাওলানা সাইদুর রহমান ও সালাহউদ্দীন ওরফে সালেহীনের নেতৃত্বাধীন জেএমবির অংশটিকে আমাদের দিক থেকে বারবার দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা খিলাফতের যৌক্তিকতা ও ধারণাকে প্রত্যাখ্যান করেছে। তাদের বেশির ভাগ নেতা ও গুরুত্বপূর্ণ সদস্যরা কারাবন্দী আছেন। এখন তারা খুব বেশি সংগঠিত এবং ভালো কাঠামোতে নেই। আমাদের সঙ্গে তাদের সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং তারা আমাদের বিরুদ্ধাচরণ করতে সরকারকেও (তাগুত) সমর্থন করতে পারে।’
ঘাঁটি গাড়ার পরিকল্পনা: চিঠিতে বলা হয়, ‘এই অঞ্চলে জিহাদের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এখন এই অঞ্চলে একটা ঘাঁটি (ফ্রন্ট) গাড়া সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায়, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ও মিয়ানমারের আরাকান অঞ্চল ঘাঁটি গাড়ার উপযুক্ত জায়গা।’ চিঠিতে চট্টগ্রাম অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনার কথা বলা হয়।
আইএসের সাফল্য কামনা: চিঠির শেষ অংশে লেখা রয়েছে, তাঁরা মিয়ানমারের মুসলিমদের বিষয়ে উদ্বিগ্ন। কিন্তু মিয়ানমারের অংশ থেকে তাঁরা তাঁদের প্রচারণার কাজে কোনো সাহায্য ও ফলাফল পাচ্ছেন না। চিঠির একেবারে শেষ প্যারায় আইএসের ধারাবাহিক সাফল্য এবং আইএসের প্রধান আবু বকর আল বাগদাদীর কল্যাণ কামনা করা হয়। চিঠির শেষে আবু ইব্রাহিম আল হানিফ নাম এবং নিচে তারিখ রয়েছে ১৬ শাওয়াল, ১৪৩৬ হিজরি (৩১ জুলাই ২০১৫)।
নব্য জেএমবির এই যোগাযোগের বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, নব্য জেএমবির কথিত প্রধান আবু ইব্রাহিম আল হানিফের নাম প্রথম শোনা যায় গত এপ্রিলে। আইএসের কথিত সাময়িকী দাবিক-এ তাঁর সাক্ষাৎকার ছাপা হয়েছিল। এখন র্যাব বলছে, এই সারোয়ার জাহানই আবু ইব্রাহিম। অর্থাৎ সারোয়ারের সঙ্গে আইএসের একটা যোগাযোগ ছিল। আর এ চিঠি সত্য হলে ধরে নেওয়া যায়, তাদের মধ্যে সম্পর্কটা বেশ গভীর ছিল। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ দেশে আইএসের অস্তিত্ব নেই।