আইএসের নামে পুরোহিতকে হুমকি, কলেজছাত্র আটক
জঙ্গি সংগঠন আইএসের নামে দুই দফা উড়ো চিঠি দিয়ে মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান শেষ বর্ষের এক ছাত্রকে আটক করে পুলিশে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। আজ শনিবার বগুড়া সদর উপজেলার পীরগাছা মন্দির কমিটির লোকজন ওই ছাত্রকে পুলিশের হাতে তুলে দেন। আটক আশরাফুল গাবতলী উপজেলার উজগ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার বগুড়া সদর উপজেলার পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিব মন্দিরের পুরোহিত মৃণাল কান্তি ভাদুরীকে হত্যার হুমকি দিয়ে তাঁর কাছে আইএসের নামে একটি উড়ো চিঠি আসে। ডাকযোগে পাঠানো ওই চিঠিটি নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হলে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে গত বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আকতার জাহান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে তাঁরা ভীত সন্ত্রস্ত না হওয়ার জন্য অভয় দেন। একই সঙ্গে ওই মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়।
পুরোহিত মৃণাল কান্তি ভাদুরী বলেন, শনিবার সকালে আইএসের নামে একই ধরনের হুমকি দিয়ে আরেকটি চিঠি মন্দির এলাকায় কে বা কারা ফেলে রেখে যায়। এ সময় কলেজছাত্র আশরাফুল ইসলামকে মন্দির এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ঘটনার সঙ্গে আটক কলেজছাত্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।