আইএসের পক্ষে পোস্টার সাঁটানোর দায়ে গ্রেপ্তার তিনজন জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে গত অক্টোবর মাসে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক কিশোরসহ তিন আসামি জামিনে ছাড়া পেয়েছেন। গত মে মাসে দুজন এবং জুলাইতে একজন জামিনে মুক্তি পান বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জামিন পাওয়া তিনজন হলেন উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ফতেহনগর গ্রামের মোহাম্মদ ফাহিম আল ফয়সাল, বালুয়াকান্দা গ্রামের মিজানুর রহমান ও পুম্বাইল গ্রামের বদিউল হাসান।

ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, উপজেলায় আইএসের পক্ষে প্রচারপত্র (লিফলেট) সাঁটানোর সময় স্কুলছাত্র ফাহিম আল ফয়সালকে গত ২ অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ। ফাহিম আঠারবাড়ী এমসি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার দেওয়া তথ্যের সূত্র ধরে পরে মিজানুর ও বদিউলকে গ্রেপ্তার করা হয়। ওই তিনজনকে রিমান্ডে নেয় পুলিশ।

ময়মনসিংহ ডিবির ওসি এবং ওই মামলার তদন্ত কর্মকর্তা মো. ইমারত হোসেন গাজী বলেন, গ্রেপ্তারকৃতরা ছাত্রশিবিরের সঙ্গে জড়িত। মামলাটির তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। আদালতে প্রতিবেদন জমা দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। মামলার কার্যক্রম এগিয়ে নিতে সরকারের অনুমতি চেয়ে চলতি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, অভিযুক্ত ব্যক্তিরা জামিনে মুক্ত থাকলেও পুলিশের নজরদারির মধ্যে রয়েছেন।