আইএসের প্রতারণার শিকার বাংলাদেশি-ব্রিটিশ পরিবারটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএসে ‘যোগ দেওয়া’ বাংলাদেশি বংশোদ্ভূত ১২ সদস্যের ব্রিটিশ পরিবারটি এই জঙ্গিগোষ্ঠীর ফাঁদে আটকা পড়েছে বলে জানিয়েছেন এই পরিবারের বাইরে অবস্থানকারী একজন সদস্য।
সম্প্রতি যুক্তরাজ্যের পুলিশ বলেছে, ওই পরিবার গত ১০ এপ্রিল বাংলাদেশে বেড়াতে যায়। সেখান থেকে ১১ মে তুরস্কে যায়। তিন দিন পর তাদের ইংল্যান্ডের লুটন এলাকার নিজ বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু পরিবারটির আর খোঁজ মেলেনি। বাংলাদেশে রওনা হওয়ার আগের দিন লুটনে তাদের বাড়িতে পুলিশ সন্ত্রাস দমন আইনের আওতায় তল্লাশি চালিয়েছিল।
নিখোঁজ হওয়ার পর ইংল্যান্ডের বেড ফোর্ডশায়ারের পুলিশ বলেছিল, পরিবারটি সিরিয়া যেতে পারে। তবে তারা তখনো তা নিশ্চিত করতে পারেনি। ইতিমধ্যে ৪ জুলাই বিবিসির এক খবরে বলা হয়, আইএস বিবৃতিতে দাবি করেছে, পরিবারটি তাদের সঙ্গে যোগ দিয়েছে। বিবৃতির সঙ্গে পরিবারের দুটি ছবিও পাঠানো হয়েছে।
যুক্তরাজ্যের সম্প্রচার সংস্থা আইটিভির ওয়েবসাইটে গত বৃহস্পতিবার এক খবরে বলা হয়, পরিবারের অভিভাবক মো. আবদুল মান্নানের (৭৫) গত সপ্তাহে প্রকাশিত ছবি এবং আইএসের ওই বিবৃতিতে দাবি করা হয়েছিল, যোগদানের পর পরিবারটি বলেছে তারা ‘আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি নিরাপদ’ আছে। তবে আইটিভি নিউজের সঙ্গে একান্ত আলাপে সেলিম হুসেইন নামে পরিবারটির এক সদস্য দাবি করেন, তাঁর বাবাকে জোর করে গাড়িতে তুলে সিরিয়া নিয়ে যাওয়া হয়েছে। সিরিয়া থেকে ফোনে কথা বলার সময় তাঁর বাবা কান্নায় ভেঙে পড়েন।