আইএসের সঙ্গে সম্পৃক্ততা, যুক্তরাজ্যের নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সামিয়ুন রহমান (২৪) নামে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের এক নাগরিককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববার রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির দাবি, সামিয়ুন গত বছর সিরিয়ায় আইএসের নুসরা ব্রিগেডের হয়ে সশস্ত্র যুদ্ধে (জিহাদে) অংশ নিয়েছিলেন। আইএসের জন্য কর্মী (মুজাহিদ) সংগ্রহে তিনি বাংলাদেশে এসেছেন। গত দুই সপ্তাহে ডিবি পৃথক অভিযানে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নয় তরুণকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে তিনজন আনসারউল্লাহ বাংলা টিম ও ছয়জন জেএমবির সদস্য বলে ডিবি গণমাধ্যমকে জানিয়েছে। এঁদের সঙ্গে সামিয়ুনের যোগাযোগ ছিল। ঈদের পরে তাবলিগ জামাতের ছলে কিছু তরুণকে নিয়ে সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
এ বিষয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।­