রাজধানীর শাহবাগে দুই সংবাদকর্মীকে মারধরের ঘটনায় গতকাল বুধবার দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। পাশাপাশি এ ঘটনার তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
গতকাল ঢাকার আশুলিয়ার কবিরপুরে নবনির্মিত ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করতে এসে আইজিপি সাংবাদিকদের বলেন, সাংবাদিকেরা জনগণের জন্যই কাজ করেন। গণমাধ্যমের সুবাদেই সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড জনসমক্ষে আসে। পেশাগত দায়িত্ব পালনে তাঁদের সব ধরনের সহায়তা করতে হবে। সাংবাদিকদের সঙ্গে পুলিশের সুসম্পর্ক রাখতে হবে এবং ভালো আচরণ করতে হবে। তাঁরা পুলিশের সহযোগী।
এদিকে ডিএমপির ৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শাহবাগে নাগরিকদের ফুলেল শুভেচ্ছা জানানোর আগে কমিশনার সাংবাদিকদের বলেন, ‘আমি ডিএমপির কমিশনার হিসেবে শাহবাগের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। সমবেদনা জানিয়েছি এবং দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এই বিষয়টি গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, একটি সুশৃঙ্খল পেশাদার বাহিনীতে কখনো অপেশাদার আচরণ সহ্য করা হয় না বা ক্ষমা করা হয় না। কোনোভাবেই শৃঙ্খলা ভঙ্গ করে পার পাওয়ার কোনো অবকাশ নেই। ডিএমপি কমিশনার আরও বলেন, ‘শাহবাগের ঘটনায় আমরা প্রতিবেদন পেয়েছি। আমাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটা পর্যালোচনা করছেন। পর্যালোচনা শেষে অপরাধের মাত্রানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গত ২৬ জানুয়ারি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের খবর সংগ্রহ করতে গিয়ে শাহবাগে পুলিশের মারধরের শিকার হন দুই সংবাদকর্মী। তাঁরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক কাজী ইহসান বিন দিদার ও ক্যামেরা পারসন আবদুল আলীম।
ফায়ারিং রেঞ্জের উদ্বোধন
আশুলিয়ার কবিরপুরে প্রায় ছয় একর জায়গায় নির্মাণ করা ফায়ারিং রেঞ্জটি গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি শহীদুল হক বলেন, ‘মাদকের থাবায় বর্তমান প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। পুলিশ, প্রশাসন আর আদালত দিয়ে মাদক আর জঙ্গি নির্মূল করা যাবে না।’
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মাঈনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, ডিআইজি মিলি বিশ্বাস, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।