আইজিপির আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) আত্মীয় পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, গত রোববার রাজধানীর মুগদা এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. ইব্রাহিম খলিল, আবদুল জলিল শিকদার, রফিকুল ইসলাম ও জাহিদ হাসান। তাঁদের মধ্যে ইব্রাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ, সেনাবাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি ইতিমধ্যে প্রতারণা করে ৬৭ লাখ টাকা আত্মসাৎও করেছেন। এ জন্য কখনো তিনি নিজেকে পুলিশের আইজিপির চাচাতো ভাই, কখনো স্বরাষ্ট্র মন্ত্রণায়ের উপসচিব, ছাত্রলীগ, সাংবাদিক ইত্যাদি পরিচয় দিতেন। বাকি তিনজন তাঁর সহযোগী। এ চারজনের বিরুদ্ধে মুগদা ও বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।