আইডিয়াল কলেজে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেন্ট্রাল রোডে গতকাল শনিবার আইডিয়াল কলেজের দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাইমুর রশীদ (১৮) নামের কলেজের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সাইফ হোসেনের নেতৃত্বে ২০-৩০ জন শিক্ষার্থী কলেজের সামনে এসে কয়েকটি গুলি করেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ছোটাছুটি করতে থাকেন।
আহত নাইমুর রশীদ প্রথম আলোকে বলেন, তাঁদের কলেজের সামনে কয়েকটি চায়ের দোকান রয়েছে। সেখানে বসতে গেলেই দ্বিতীয় বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম ও সাইফ হোসেনের নেতৃত্বে কিছু ছাত্র তাঁদের বাধা দিতেন। গত বৃহস্পতিবার কলেজের সামনে আশরাফুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা নাইমুরকে মারধর করেন। এরই জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে সাইফ-আশরাফের নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্র আবার তাঁদের ওপর হামলা করেন। নাইমুরের ডান পায়ের গোড়ালিতে একটি গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর তিনি এখন আশঙ্কামুক্ত।
নাইমুর বলেন, আশরাফুল, সাইফ ও বাহার—এই তিনজনের নাম উল্লেখ করে তিনি কলাবাগান থানায় মামলা করেছেন। এ ঘটনায় অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবিদুর রহমান বলেন, এ ঘটনায় নাইমুর নিজেই বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।