আইডিয়াল স্কুলে ছাত্রকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রের মা।

আজ সোমবার মহাপরিচালকের কাছে এই অভিযোগপত্র দেওয়া হয়। এর আগে গত শনিবার মতিঝিল থানায় জিডি করেন ওই ছাত্রের মা জেসমিন নাহার। জিডি ও মহাপরিচালকের কাছে দেওয়া লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর সন্তান ওয়ারেসুল ইসলাম বিদ্যালয়ের মতিঝিল দিবা শাখায় দশম শ্রেণিতে পড়ে। গত ২৫ অক্টোবর বিকেল ৪টায় ২০৫ নম্বর কক্ষে রসায়ন বিষয়ের ব্যবহারিক (টেস্ট) পরীক্ষা চলছিল। তখন ওই বিভাগের সহকারী শিক্ষক মোহাম্মদ ফখরুদ্দিন মিথ্যা দোষারোপ করে তাঁর ছেলেকে বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে মেঝেতে ফেলে দেন। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার চাইলে সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম খান তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েও কোনো পদক্ষেপ নেননি। এ কারণে থানায় জিডি করেন। বর্তমানে তাঁর ছেলে চিকিৎসাধীন অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অভিযোগপত্রের সঙ্গে চিকিৎসার কাগজপত্রও দিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ ফখরুদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ছাত্র পরীক্ষার হলে নকল করেছিল। এ জন্য বিদ্যালয়ের প্রশাসনিক নিয়ম অনুযায়ী তার ছাত্রত্ব চলে যেত। এ কারণে তাকে একটু শাসন করে ছেড়ে দিয়েছেন। এখন এটাকে ভিন্নভাবে নেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম খান বলেন, তাঁর কাছে কেউ অভিযোগ করেননি। থানা থেকে তদন্ত কর্মকর্তা ফোন করার পর বিষয়টি তিনি জানতে পারেন। তখন ওই ছাত্রের অভিভাবকদের ডেকে আনেন। তদন্ত করলে অন্য ছাত্ররা বলে ওই ছাত্র শিট দেখে লিখেছিল, এ জন্য ওই শিক্ষক চড়-থাপ্পড় দিয়েছে। এ জন্য তিনি ছাত্রের অভিভাবকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন। অভিযুক্ত শিক্ষকও দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা ঘটবে না বলেও অভিভাবকদের আশ্বাস দেওয়া হয়। তবে মারধর করা অন্যায় হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ।