আইন অমান্য করে চলছে ত্রুটিপূর্ণ ও অবৈধ যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী ত্রুটিপূর্ণ লেগুনা l ছবি: প্রথম আলো
ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী ত্রুটিপূর্ণ লেগুনা l ছবি: প্রথম আলো

মোটরযান আইন অমান্য করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ত্রুটিপূর্ণ বাস, লেগুনা ও অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করছে। এসব যানবাহনের চালকেরা বলছেন, পুলিশ ও যুবলীগের নেতার নাম করে তাঁদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে।
মোটরযান আইনের ১৫১ ধারামতে, যানবাহনের আকার ও রং বা যেকোনো ধরনের পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে ৫ হাজার টাকা জরিমানা বা দুই বছরের কারাদণ্ড অথবা উভয় ধরনের শাস্তির বিধান আছে। আর ১৪৯ ধারা অনুযায়ী ত্রুটিপূর্ণ যানবাহন চালানো অপরাধ। এ ধারায় অপরাধীকে এক মাসের কারাদণ্ড বা ২৫০ টাকা জরিমানা করা যেতে পারে।
ত্রুটিপূর্ণ বাস, লেগুনা, ইজিবাইকের মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার নবীনগর থেকে রাজধানীর আবদুল্লাহপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন গড়ে ২৫০টি ছোট বাস চলাচল করে। একই সড়কের নবীনগর থেকে জিরাব পর্যন্ত চলাচল করে প্রায় ১০০টি লেগুনা (হিউম্যান হলার)। এ ছাড়া নবীনগর থেকে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে চলাচল করে আরও ৮০টি লেগুনা। এসব যানবাহনের বেশির ভাগ ত্রুটিপূর্ণ ও চালকদের অনেকে অপ্রাপ্তবয়স্ক।
লেগুনার চালক আবদুল লতিফসহ কয়েকজন মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কে চলাচলকারী লেগুনাগুলো জরাজীর্ণ মাইক্রোবাস কেটে তৈরি করা হয়েছে। এসব যানবাহনের মহাসড়কে চলাচলের অনুমতি নেই। এরপরও চাঁদার বিনিময়ে এসব যানবাহন সড়কে চলছে। মালিকেরা বলেন, প্রতিদিন গাড়িপ্রতি তাঁদের নবীনগরে ৪০ টাকা, বাইপাইলে ২০ টাকা ও ধামরাইয়ে ৫০ টাকা করে চাঁদা দিতে হয়। পুলিশ ও শ্রমিকসংগঠনের কথা বলে কিছু লোক তাঁদের কাছ থেকে এ টাকা আদায় করেন। এ জন্য কোনো রসিদও দেওয়া হয় না।
আজিজুল হাকিমসহ ছোট বাসের কয়েকজন চালক বলেন, তাঁদের বাস থেকে প্রতিদিন ১৭০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। এর মধ্যে পুলিশের জন্য নেওয়া হয় ১০০ টাকা। বাকি ৭০ টাকা শ্রমিকসংগঠনের কথা বলে নেওয়া হয়। আফজাল হোসেন ও বিল্লাল হোসেন নামের দুজন তাঁদের কাছ থেকে চাঁদা আদায় করেন। তাঁরা অভিযোগ করেন, চাঁদা না দিলে আফজাল ও বিল্লাল তাঁদের মারধর করেন। পুলিশের কাছে নালিশ করেও লাভ হয় না। উল্টো হয়রানি বাড়ে।
বিল্লাল হোসেন বলেন, যুবলীগের একজন নেতা ও আফজালের কথায় তিনি বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করেন। আফজালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সম্প্রতি সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় কর্তব্যরত সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মোল্লার কাছে মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ধরে তো শেষ করতে পারি না, যত ধরি ততই চলে। এ অবস্থায় আমাদের বা কী আর করার আছে।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সড়ক-মহাসড়কে চলাচলকারী ত্রুটিযুক্ত যানবাহনের বিরুদ্ধে প্রায়ই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে একেবারে এসব যানবাহন বন্ধ করে দেওয়া সম্ভব নয়। এ ছাড়া পুলিশ যানবাহন থেকে চাঁদা নিচ্ছে না।