খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটির আলহাজ সরোয়ার খান ডিগ্রি কলেজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শিক্ষা বিষয়ের একমাত্র প্রদর্শক সাড়ে তিন বছর ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এ কারণে সারা মাস তিনি কলেজে অনুপস্থিত থাকছেন। তবে মাস শেষে এমপিওভুক্ত হিসেবে বেতনের সবটুকুই তুলছেন।
কলেজের একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রদর্শক মো. সাইফুল ইসলাম ২০০০ সালের ৬ নভেম্বর কলেজে যোগ দেন। পরে এলএলবি পাস করেন ২০১০ সালের ১৫ ডিসেম্বর। সেই সময়ে তিনি খুলনা বারে আইনজীবী হিসেবে যোগ দেন। তখন থেকেই নিয়মিতভাবে তিনি আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আর কলেজ না করেও প্রতি মাসে রূপালী ব্যাংক দৌলতপুর শাখা থেকে ১০৫৮২ নম্বর অ্যাকাউন্টে, ৬১৬১৯২ নম্বর ইনডেক্সে সরকারি বেতনের ১৩ হাজার ৪৬৫ টাকা করে তুলছেন। কলেজের ২০১৩ সালের ভর্তি প্রসপেক্টাসের ১৪ পাতায় প্রদর্শক কম্পিউটার শিক্ষা এবং ২০১২ সালে খুলনা জেলা আইনজীবী সমিতি প্রকাশিত ডাইরেক্টরির ১৬৫ পাতায় আইনজীবী হিসেবে মো. সাইফুল ইসলামের নাম প্রকাশিত হয়েছে।
সম্প্রতি একটি মামলাসংক্রান্ত বিষয়ে আলাপের জন্য সময় চাইলে মো. সাইফুল ইসলাম বেলা একটায় কোর্টে অথবা তাঁর কক্ষে দেখা করতে বলেন। বিষয়টি জরুরি বিধায় সকালেই আলাপ করা প্রয়োজন বললে আইনজীবী জানান, তাঁর হাতে মামলার চাপ থাকায় সকাল নয়টায় তিনি কোর্টে এলেও কথা বলা সম্ভব হবে না।
কলেজে আইসিটি বিষয়ের প্রদর্শকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কীভাবে পালন করছেন, জানতে চাইলে সাইফুল বলেন, ‘আমি সব সময় কোর্টে প্রাকটিস করি না। রোজার মাসে এবং বিভিন্ন পরীক্ষার জন্য যে সময় কলেজ ছুটি থাকে, শুধু ওই সময়ই কোর্টে আসি।’ তবে আইন পেশায় ব্যস্ততা বাড়ায় শিগগিরই কলেজের চাকরি ছেড়ে দেবেন বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষক বলেন, কলেজের অধ্যক্ষ ও দপ্তরিকে হাত করে সাইফুল প্রতিদিন খুব সকালে এসে খাতায় স্বাক্ষর করে চলে যান। বিভিন্ন বিভাগের শিক্ষকেরা তাঁর ক্লাসগুলো করে দেন। অধ্যক্ষ পক্ষে থাকায় শিক্ষকেরা সরাসরি তাঁর বিরুদ্ধে যেতে চান না।
কলেজের অধ্যক্ষ এ এস এম সাইফুদ্দোহার সঙ্গে যোগাযোগ করলে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ হোসেন বলেন, যিনি আইন পেশায় নিয়োজিত, তিনি অন্য কোনো পেশায় থাকতে পারবেন না। এ বিষয়ে বার কাউন্সিলের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। তাঁকে অন্য পেশা ত্যাগ করে এখানে আসতে হবে।