
ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। কাঠ পোড়ানোর জন্য আইন ভেঙে ভাটার ভেতর স্থাপন করা হয়েছে করাতকল। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়া এলাকার হাটুরিয়া ব্রিকফিল্ডে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গোসাইরহাট উপজেলার জয়ন্তিয়া নদীর তীরে হাটুরিয়া এলাকায় হাটুরিয়া ব্রিক ফিল্ডটি অবস্থিত। এ ভাটায় প্রতিবছর নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত ইট তৈরি করা হয়। এখানে প্রায় ৩০০ শ্রমিক কাজ করেন। প্রতিবছর ৪০ লাখ থেকে ৫০ লাখ ইট উৎপাদন করা হয় এখানে। এসব ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে কাঠ। আর কাঠ চেরাইয়ের জন্য ইটভাটার ভেতর একটি করাতকল স্থাপন করা হয়েছে। ইটভাটায় আধুনিক পরিবেশবান্ধব জিগজ্যাগ চিমনি স্থাপন করা হয়নি। সনাতন পদ্ধতির ড্রাম চিমনি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। ড্রাম চিমনি দিয়ে ইট পোড়াতে কাঠের প্রয়োজন হয়।
বন বিভাগের শরীয়তপুর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীর কুমার রায় দেব সিংহ বলেন, ‘পরিবেশ আইনে ইটভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ। কাঠ পোড়ানো বন্ধ করার জন্য সব ইটভাটাকে জিগজ্যাগ পদ্ধতির চিমনি দিয়ে ইট পোড়াতে হবে। ইটভাটার ভেতর করাতকল স্থাপন দণ্ডনীয় অপরাধ। আমাদের অনুমতি ছাড়া কেউ করাতকল স্থাপন করেছেন কি না জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
গত রোববার হাটুরিয়া ব্রিক ফিল্ডে গিয়ে দেখা যায়, ইটভাটায় আধুনিক পরিবেশবান্ধব জিগজ্যাগ চিমনি স্থাপন করা হয়নি। সনাতন পদ্ধতির ড্রাম চিমনি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। ইটভাটার বিভিন্ন স্থানে পোড়ানোর জন্য কাঠ মজুত করা হয়েছে। শ্রমিকেরা গাড়ি ভরে কাঠ এনে ইট পোড়ানোর স্থানে স্তূপ করে রাখছেন। ইটভাটার দক্ষিণ-পশ্চিম কোণে করাতকলটি অবস্থিত। করাতকলের আশপাশে বিভিন্ন প্রজাতির গাছের কাঠ এনে রাখা হয়েছে।
হাটুরিয়া ব্রিক ফিল্ডের ব্যবস্থাপক শহীদুল ইসলাম রঞ্জু বলেন, ‘আমরা এখনো জিগজ্যাগ পদ্ধতির চিমনি স্থাপন করতে পারিনি। তাই পুরোনো পদ্ধতির চিমনি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। ড্রাম চিমনি দিয়ে ইট পোড়াতে হলে কিছু কাঠের প্রয়োজন হয়। তাই কাঠ মজুত করা হচ্ছে। কাঠ চেরাই করার জন্য করাতকল স্থাপন করা হয়েছিল। এখন করাতকলটি ব্যবহার করা হয় না। ইটভাটা থেকে করাতকলটি সরিয়ে নেওয়া হবে।’
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সগির হোসেন বলেন, ‘জিগজ্যাগ পদ্ধতি ছাড়া কোনো ইটভাটা চালু রাখা যাবে না। কোনো ইটভাটায় কাঠ ব্যবহার করতে করাতকল স্থাপন করা অপরাধ। হাটুরিয়া ব্রিক ফিল্ডে কাঠ পোড়ানো হচ্ছে—এমন অভিযোগ আগে পাইনি। এখন খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’