আইন ভেঙে ধামরাইয়ে চলছে শতাধিক ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধামরাইয়ের সুতিপাড়া গ্রামে ধানখেতের পাশে ইটভাটা l ছবি: প্রথম আলো
ধামরাইয়ের সুতিপাড়া গ্রামে ধানখেতের পাশে ইটভাটা l ছবি: প্রথম আলো

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে ও কৃষিজমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। ঢাকার ধামরাইয়ে এ আইন মানা হচ্ছে না। আবাসিক এলাকার পাশে কৃষিজমিতে গড়ে উঠেছে শতাধিক ভাটা। অধিকাংশ ভাটার ইট পোড়ানোর অনুমতি আছে। আছে পরিবেশগত ছাড়পত্রও।
ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ে ১৪৭টি ইটভাটার মধ্যে অনুমোদন আছে ৯৫টির। আর ৫২টি ভাটায় অনুমোদন ছাড়াই ইট পোড়ানো হচ্ছে। তবে পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ধামরাইয়ে ইটভাটার সংখ্যা ৯৬টি। এগুলোর একটিরও পরিবেশগত ছাড়পত্র নেই।
তথ্য অধিকার আইন ব্যবহার করে প্রথম আলোর পক্ষ থেকে গত ১১ ডিসেম্বর ইউএনওর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ধামরাইয়ে অনুমোদনপ্রাপ্ত ও অনুমোদনহীন ভাটার নাম ও ঠিকানা জানতে চেয়ে আবেদন করা হয়। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার জেলা প্রশাসকের কাছে আপিল করা হয়। এরপরও কাঙ্ক্ষিত তথ্য সরবরাহ না করে ইউএনওর কার্যালয় থেকে মুঠোফোনে অনুমোদনপ্রাপ্ত ও অনুমোদনহীন ভাটার সংখ্যা জানানো হয়।
সরেজমিনে দেখা যায়, ধামরাইয়ের অধিকাংশ ভাটাই গড়ে উঠেছে ঢাকা-আরিচা মহাসড়কসহ কালামপুর-সাটুরিয়া, সুতিপাড়া-সুয়াপুর ও বাথুলি-জালসা সড়কের পাশের কৃষিজমিতে। এসব ভাটা থেকে আবাসিক এলাকার দূরত্ব ২০ থেকে ৫০০ গজের মধ্যে।
ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে কালামপুর গ্রামে শতাধিক পরিবারের বসবাস। গ্রামের মাদার আলীর বাড়ির পাশেই এসবি ব্রিকস নামের একটি ভাটা আছে। ওই ভাটার ইট পোড়ানোর অনুমতি ও পরিবেশগত ছাড়পত্রও আছে। নথি ঘেঁটে দেখা যায়, ঢাকার ওই ইটভাটাকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন দেওয়া হয় ২০১৫ সালে। ওই ভাটার ২০১৮ সাল পর্যন্ত ইট প্রস্তুতের অনুমতি আছে। আর পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় থেকে দেওয়া পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত।
এসবি ব্রিকসের মালিক ফিরোজ সরদার বলেন, ‘আইন অনুযায়ী ধামরাইয়ে এমন কোনো জায়গা নেই, যেখানে ভাটা স্থাপন করা যায়। তাই বলে কি ব্যবসা গুটিয়ে ফেলব?’
সুতিপাড়া গ্রামে সুতিপাড়া-সুয়াপুর সড়কের পাশেই কৃষক সিদ্দিক মিয়ার বাড়ি। বাড়ি থেকে মাত্র ১৫০ গজ দূরে মেসার্স লায়ন ব্রিকস। লায়ন ব্রিকসের পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন আছে কি না, তা যাচাই করতে গত ৭ ফেব্রুয়ারি ভাটায় গেলে ব্যবস্থাপক নজরুল ইসলাম কোনো তথ্য না দিয়ে মুঠোফোনে মালিক আব্দুল মজিদকে ধরিয়ে দেন। অবশ্য মালিক গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলতে বাধ্য নন বলে সংযোগ কেটে দেন।
বাথুলি-জালসা সড়কের উভয় পাশে আধা কিলোমিটারের মধ্যে অন্তত ১০টি ইটভাটা আছে। কিন্তু আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত উপজেলা, ইউনিয়ন বা গ্রামীণ সড়ক থেকে আধা কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন করা যাবে না।
ধামরাই উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন বলেন, উপজেলা পরিষদের মাসিক সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত সড়কের পাশে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে না।
ধামরাইয়ের নবগ্রাম ও কাওয়ালিপাড়া এলাকায় ইটভাটা আছে আটটি। এসব ভাটা থেকে ১০০ গজের মধ্যেই আছে আবাসিক এলাকা। এরপরও এসব ভাটার বেশ কয়েকটিকেই জেলা প্রশাসন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে পরিবেশগত ছাড়পত্র নেই একটিরও।
নবগ্রামের শাপলা ব্রিকসের মালিক ইন্তাজ আলী বলেন, গত বছর তাঁর ভাটাকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি। কিন্তু ২০১৮ সাল পর্যন্ত ইট পোড়ানোর অনুমতি আছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওই অনুমতি পেয়েছেন তিনি।
আবাসিক এলাকার মধ্যে ইট পোড়ানোর প্রভাব নিয়ে এক সপ্তাহ ধরে কথা হয় মারাপাড়া বাথুলি, রক্ষিত, বেলিশ্বর, নবগ্রাম, জালসা, গ্রামের লোকজনের সঙ্গে। তাঁরা জানান, বিষাক্ত ধোঁয়ার প্রভাবে ফলন কমে গেছে।
ধামরাইয়ের ইউএনও আবুল কালাম বলেন, ধামরাইয়ে যত্রতত্র ইটভাটা গড়ে ওঠায় পরিবেশ দূষিত হচ্ছে। তারপরও নানা প্রতিবন্ধকতার কারণে সব সময় ব্যবস্থা নেওয়া যায় না।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী ধামরাইয়ের কোনো ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নবায়ন করা হয়নি। এরপরও জেলা প্রশাসনের অনুমোদন না থাকা ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে সেসব ভাটায় পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।