আইন লঙ্ঘন করে বালু উত্তোলন, হুমকিতে বাঁধ
সরকারি আইন লঙ্ঘন করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বংশাই নদের থলপাড়া, নিশ্চিন্তপুর ও চাকলেশ্বর এলাকা থেকে বালু তোলা হচ্ছে। এ কারণে ওই এলাকার কয়েকটি হিন্দু পরিবারের ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। বালু তোলা অব্যাহত থাকায় এলাকার একটি বিদ্যালয়, বাঁধ, বাজার ও ২০-২২ একর ফসলি জমি হুমকির মুখে রয়েছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকসহ এলাকাবাসী বালু তোলা বন্ধ করার দাবি জানিয়েছেন।
উপজেলা ভূমি কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বংশাই নদের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে ছয়টি বালুমহাল রয়েছে। এর মধ্যে মির্জাপুরের গোড়াই-মঈননগর, ফতেপুর-থলপাড়া ও কুড়িপাড়া-পলাশতলী বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। ফতেপুর-থলপাড়া ও কুড়িপাড়া-পলাশতলী বালুমহাল ইজারা পেয়েছেন দেলদুয়ার উপজেলার আগএলাসিন গ্রামের লাভলু মিয়া। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫ নম্বর ধারার ৩ নম্বর উপধারায় ড্রেজার (খননযন্ত্র) দিয়ে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। অথচ এ আইন লঙ্ঘন করে ইজারাদার লাভলু ফতেপুর-থলপাড়া বালুমহালের অধীন থলপাড়া, নিশ্চিন্তপুর ও চাকলেশ্বর এলাকা থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলছেন। তিনি গত জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শ্রমিক নিয়োগ করে বালু তুলছেন।
গত ২৪ ও ২৫ জুলাই নিশ্চিন্তপুর এলাকায় গিয়ে দেখা গেছে, চারটি খননযন্ত্রের মাধ্যমে বালু তোলা হচ্ছে। নিশ্চিন্তপুর গ্রামের শান্তি বিশ্বাস জানান, খননযন্ত্র দিয়ে বালু তোলায় ইতিমধ্যে তাঁর ৫০ শতাংশ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই গ্রামের অনিল সরকার বলেন, বালু তোলায় তাঁর ১৪০ শতাংশ আবাদি জমি হুমকির মুখে রয়েছে। ইজারাদার লাভলু মিয়াকে সেখানে পাওয়া যায়নি। তবে খননযন্ত্র কারা দেখভাল করছেন, খোঁজ করতে গিয়ে পাওয়া গেল কবির হোসেন নামের এক ব্যক্তিকে। তাঁর সঙ্গে কথা বলতে চাইলে কৌশলে দূরে গিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যান।
এলাকার কয়েকজন জানান, গত বছর ওই এলাকা থেকে খননযন্ত্র দিয়ে বালু তোলা হয়েছিল। এতে চাকলেশ্বর-ফতেপুর-থলপাড়া যাওয়ার একমাত্র রাস্তা ছাড়াও আশপাশের অধিকাংশ জায়গা নদীগর্ভে চলে যায়। এ ছাড়া ত্রিমোহন গ্রামের হিরণ বালা বিশ্বাসের পরিবারের একটি দুর্গামন্দির, বসতঘর, বাঁশঝাড় ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়। এবারও একই কায়দায় বালু তোলা শুরু হয়েছে। ইতিমধ্যে নদীতীরের কলাগাছ, পাট ও মুলাখেত নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া উপজেলার চাকলেশ্বর উচ্চবিদ্যালয়, হিলরা বাজার ও কুর্ণী-ফতেপুর সড়কের থলপাড়া এলাকায় সড়ক রক্ষা বাঁধও হুমকির মুখে পড়েছে।
উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সাখাওয়াত হোসেন বলেন, ওই বালুমহাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন নিষিদ্ধ রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, বিষয়টি জানতে পেরে ইতিপূর্বে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বালু উত্তোলন বন্ধ করা না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তা বন্ধ করা হবে।