আইন লঙ্ঘন করে রাতে পদ্মায় চলছে স্পিডবোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌ-নিরাপত্তা আইনে সূর্য উদয়ের পূর্বে ও সূর্য অস্ত যাওয়ার পরে নদীতে স্পিডবোট চালানো নিষেধ। এ নিয়ম অমান্য করলে স্পিডবোট চালককে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাওয়া (শিমুলিয়া)-কাওড়াকান্দি-মাঝিকান্দি নৌপথে রাতে স্পিডবোটে যাত্রী পারাপার করা হচ্ছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত দুই বছর এ নৌপথে রাতে স্পিডবোট দুর্ঘটনায় ১৫ জন যাত্রী মারা গেছেন।
স্থানীয় প্রশাসন ও স্পিডবোট মালিক সমিতি সূত্র জানায়, রাজধানী ঢাকায় যাতায়াত করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ মাওয়া (শিমুলিয়া)-কাওড়াকান্দি-মাঝিকান্দি নৌপথ ব্যবহার করে। এ নৌপথে পদ্মা নদী পারাপারের জন্য চারটি ঘাট রয়েছে। তার মধ্যে মাওয়ার অবস্থান মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়, কাওড়াকান্দি, কাঁঠালবাড়ির অবস্থান মাদারীপুরের শিবচর উপজেলায়, মাঝিকান্দি ঘাটের অবস্থান শরীয়তপুরের জাজিরা উপজেলায়। ঘাট চারটিতে ৩৫০টি স্পিডবোট চলাচল করে। প্রতিটি স্পিডবোট দিনে চারটি করে ট্রিপ দিতে পারে। প্রতি স্পিডবোটে ১৮ থেকে ২২ জন যাত্রী ওঠানো হয়। দুর্ঘটনা রোধ করতে স্থানীয় প্রশাসন সন্ধ্যার পর পদ্মা নদীতে স্পিডবোট চলাচল নিষিদ্ধ করেছে। স্পিডবোট চালকেরা অতিরিক্ত টাকা আয় করার লোভে রাত ১০টা পর্যন্ত পদ্মায় স্পিডবোট চালাচ্ছে। স্পিডবোটগুলোতে পথনির্দেশক বাতি না থাকায় রাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত দুই বছরে এ নৌপথে রাতে স্পিডবোট দুর্ঘটনায় ১৫ যাত্রী মারা গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্পিডবোট চালক বলেন, ‘সারা দিনে যে ট্রিপ পাই তা তেল খরচ, রাস্তা খরচ ও মালিককে দিয়ে আমাদের কিছুই থাকে না। রাতের ট্রিপের আয় আমাদের থাকে। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রাতে যাত্রী পারাপার করি। স্পিডবোট দুর্ঘটনায় প্রায়ই মানুষ মারা যায়।’
একটি অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে শিবচর উপজেলার কোরকচর গ্রামে যাচ্ছিলেন মিজানুর রহমান। তিনি পরিবারের পাঁচজন সদস্য নিয়ে স্পিডবোটে পদ্মা নদী পার হন। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদকের সঙ্গে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে তাঁর কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘যানজটে আটকা পড়ার কারণে ঘাটে পৌঁছাতে দেরি হয়। ঘাটে পৌঁছে শেষ লঞ্চটি ধরতে পারিনি। তাই বাধ্য হয়ে রাতে স্পিডবোটে আসতে হলো।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, রাতে নদীতে স্পিডবোট চলাচল বন্ধ করার জন্য ঘাটে পুলিশ টহল দেয়। চালকেরা পুলিশের উপস্থিতি টের পেলে ঘাট থেকে দূরে গিয়ে যাত্রী নামিয়ে দেয়। পুলিশ পৌঁছার আগেই তাঁরা দ্রুত স্পিডবোট চালিয়ে পালায়।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদের বলেন, রাতে যাতে স্পিডবোট চালাতে না পারে এ জন্য প্রায়ই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। যাত্রী ও চালকদের সচেতন করার জন্য ঘাটগুলোতে বিলবোর্ড লাগানো হয়েছে। প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। তারপরও কিছু দুষ্ট প্রকৃতির চালক এ কাজ করছেন।