আইন লঙ্ঘন করে সমিতির কোটি টাকা আমানত সংগ্রহ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি সমবায় সমিতি আইন লঙ্ঘন করে দুই হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা আমানত সংগ্রহ করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সমবায় কার্যালয় বা প্রশাসনের অনুমতি ছাড়াই এর কার্যক্রম চলছে।
সমিতির নাম রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (আরডিপি) ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। হাজীগঞ্জ বাজারের রজনীগন্ধা বিপণিবিতানের তৃতীয় তলায় এই সমিতির কার্যালয় রয়েছে। হাজীগঞ্জে ২০১২ সালের ১ সেপ্টেম্বর এর কার্যক্রম শুরু হয়েছে।
সমিতির কার্যালয় থেকে সরবরাহ করা একটি প্রচারপত্রে দেখা গেছে, ঢাকার ৩২ পুরানা পল্টন এলাকার সুলতান আহম্মেদ প্লাজার নবম তলায় এই সমিতির প্রধান কার্যালয়। দেশের ২৬ জেলায় ৭১ শাখায় সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছে। চাঁদপুরে হাজীগঞ্জ ছাড়াও কচুয়া ও সাচার বাজারেও এর শাখা রয়েছে। তবে প্রচারপত্রে সমিতির নিবন্ধন নম্বর উল্লেখ নেই।
সমবায় সমিতির সংশোধিত আইন ২০১৩ অনুযায়ী কোনো সমবায়ী প্রতিষ্ঠান কেবল সদস্যদের আমানত নানা লাভজনক খাতে বিনিয়োগ করতে পারবে। আইন অনুযায়ী একের অধিক শাখা রাখা বা খোলারও বিধান নেই।
প্রচারপত্র ঘেঁটে দেখা গেছে, সারা দেশে সমিতির সদস্যসংখ্যা প্রায় পৌনে চার লাখ। সদস্যদের আমানতের পরিমাণ ৩৭৫ কোটি টাকা। বিনিয়োগের পরিমাণ ৪৫০ কোটি টাকা। প্রতিষ্ঠানটি চারটি খাতে বিনিয়োগ করে ও আটটি খাতে সদস্যদের কাছ থেকে আমানত সংগ্রহ করে। হাজীগঞ্জে সমিতির সদস্যসংখ্যা প্রায় দুই হাজার।
সমিতির হাজীগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক জাকির হোসেন জানান, তাঁরা ৯৮ জন ব্যবসায়ী ও ৪৭ জন উদ্যোক্তার মধ্যে ৯৮ লাখ টাকা বিনিয়োগ করেছেন। বিপরীতে দুই হাজার গ্রাহকের কাছ থেকে এফডিআর ও সঞ্চয় বাবদ আমানত সংগ্রহ করেছেন প্রায় এক কোটি টাকা। কিন্তু গত দুই বছরে সমিতির সদস্যরা এফডিআর ও সঞ্চয় থেকে ৬৭ লাখ টাকা তুলে নিয়েছেন। তাঁদের এই কার্যালয়ে ১০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।
জাকির হোসেন বলেন, ‘ঢাকায় প্রধান কার্যালয়ের নামে আমাদের প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে। আমরা এখানে শাখা কার্যালয় পরিচালনা করছি। ২০০৯ সালে শাখা কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হওয়ায় আমাদের প্রতিষ্ঠান উচ্চ আদালতে একটি রিট করে। সে আলোকে আমাদের কার্যক্রম চলছে।’
উপজেলা সমবায় কর্মকর্তা আলো রানী সরকার বলেন, ‘প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করেছে। আদালতের নথিপত্রও নিয়ে এসেছে। বিষয়টি জেলা কর্মকর্তাকে জানানোর পর স্যার অনুমতি বা সহায়তা করতে নিষেধ করেছেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম বলেন, ‘এই সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সমবায় কর্মকর্তাকে বলব।’
গত তিন বছরে হাজীগঞ্জ থেকে অন্তত ১০টি সমবায় প্রতিষ্ঠান প্রায় ১০০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। আরও সাতটি প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ সমিতি হিসেবে চিহ্নিত।