হবিগঞ্জের বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলায় আইনজীবী নিয়োগের জটিলতায় সাক্ষ্য গ্রহণ পেছাল। আজ সোমবার এ মামলার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও তা হয়নি। আগামী ৯ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী আবদাল মিয়া আদালতকে বলেন, চার শিশু হত্যার মামলাটি একটি আলোচিত মামলা। তাঁরা সরকারি কৌঁসুলির পাশাপাশি নিজেদের পছন্দের একজন আইনজীবী নিয়োগ করতে চান। এ বিষয়ে হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি আবেদন করেছেন। এরপর ট্রাইব্যুনাল তাদের সময় দেন।
চাঞ্চল্যকর এ মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আবুল কাসেম মোল্লা মাসুম। তিনি প্রথম আলোকে বলেন, এখানে অতিরিক্ত আইনজীবী নিয়োগের প্রয়োজন নেই। রাষ্ট্রপক্ষ একাই মামলা পরিচালনা করতে পারবে।
গত ৭ সেপ্টেম্বর এ মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। তাঁদের মধ্যে গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি হলেন আব্দুল আলী, তাঁর ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তাঁদের প্রতিবেশী ও আত্মীয় আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদ। আর পলাতক তিনজন হলেন উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।
বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে গত ১৭ ফেব্রুয়ারি চার শিশু তাজেল মিয়া (১০), তার দুই চাচাতো ভাই জাকারিয়া শুভ (৮), মনির মিয়া (৭) ও তাদের প্রতিবেশী ইসমাইল হোসেনের (১০) অর্ধগলিত লাশ বালুচাপা অবস্থায় পাওয়া যায়। ওই শিশুরা ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৬ তারিখ এ ঘটনায় বাহুবল থানায় কারও নাম উল্লেখ না করে নিখোঁজের মামলা করা হয়েছিল। লাশ উদ্ধারের পর পুলিশ তদন্ত করে নয়জনকে অভিযুক্ত করে গত ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।