আইনজীবী সমিতি থেকে ধর্ষণ মামলার আসামিকে বহিষ্কার
কুমিল্লার দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া সংখ্যালঘু এক ছাত্রীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য ও ধর্ষণ মামলার ২ নম্বর আসামি মো. হারুনুর রশীদ ওরফে সবুজকে সমিতি থেকে সাময়িক বহিষ্কার করেছে ডিসিপ্লিনারি উপকমিটি। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ডিসিপ্লিনারি উপকমিটির আহ্বায়ক মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির অন্তত তিনজন সদস্য জানান, গত বছরের ২৪ ডিসেম্বর কুমিল্লা নগরের চকবাজার এলাকার একটি বাসায় ওই মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করেন দেবীদ্বার উপজেলার ৯ নম্বর গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. খোরশেদ আলম। এ ঘটনায় সহযোগিতা করেন কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য ও ধামতী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. হারুনুর রশীদ ওরফে সবুজ। গত ২৭ ডিসেম্বর রাতে মেয়েটির বাবা কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় খোরশেদকে ১ নম্বর এবং হারুনকে ২ নম্বর আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে গত ৩০ ডিসেম্বর কুমিল্লা জেলা আইনজীবী ঐক্য পরিষদ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে। গত ৩১ ডিসেম্বর আইনজীবী ঐক্য পরিষদের ৪১ জন আইনজীবী হারুনকে সমিতি থেকে বহিষ্কারের দাবি জানান। এরপর গত ১৩ জানুয়ারি ওই ছাত্রীর বাবা হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ১৪ ফেব্রুয়ারি এক বৈঠক করে। ওই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনজীবী সমিতির ডিসিপ্লিনারি উপকমিটিকে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৬ ফেব্রুয়ারি আইনজীবী সমিতি হারুনুর রশীদকে সাময়িকভাবে বহিষ্কার করে। হারুন ২০০৯ সালের ২৪ মে কুমিল্লা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তাঁর সদস্য নম্বর ৮৫৬।
সমিতির সাধারণ সম্পাদক ও ডিসিপ্লিনারি উপকমিটির আহ্বায়ক মো. শরীফুল ইসলাম বলেন, হারুনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় ধর্ষিত ছাত্রীর বাবা মামলা দায়ের করেছেন। মামলায় যেন কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য ওই ব্যবস্থা নেওয়া হয়েছে। একজনের জন্য কুমিল্লা আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, তা মেনে নেওয়া যায় না।
জানতে চাইলে অভিযুক্ত আইনজীবী মো. হারুনুর রশীদ বলেন, ‘আইনজীবী সমিতির সিদ্ধান্তের কথা জেনেছি। আমি ধর্ষণের সঙ্গে জড়িত নই। কেবলমাত্র চেয়ারম্যানের কথায় মেয়েটিকে কুমিল্লা সেনানিবাস এলাকায় পৌঁছে দেই।’
এর আগে ১ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় গুনাইঘর নিজ বাড়ি থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি চেয়ারম্যান মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। ২ ফেব্রুয়ারি দুপুরে তাঁকে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলা দায়েরের ৩৫ দিন পর বিতর্কিত ওই চেয়ারম্যান গ্রেপ্তার হলেন।