আইনজীবী সাখাওয়াতকে হত্যার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের দুটি মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খানকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই হুমকি মামলা দুটির প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার বিরুদ্ধে।

বাদীপক্ষকে আইনগত সহায়তা না দেওয়ার জন্য খোকন সাহা এ হুমকি দেন বলে জেলা আইনজীবী সমিতিতে (বার) লিখিত অভিযোগ করেছেন সাখাওয়াত হোসেন।

লিখিত অভিযোগে সাখাওয়াত বলেন, ‘জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য চন্দন কুমার সরকারসহ সাতজন খুন ও গুম হওয়ার পর থেকে সব আইনজীবীকে নিয়ে বিচারের দাবিতে আন্দোলন করি। বর্তমানে মামলার ন্যায় বিচারের স্বার্থে এজাহারকারীরÿপেশাগত দায়িত্ব পালন করছি। পেশাগত দায়িত্ব পালনের কাজে আজ মঙ্গলবার মামলা পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট আদালত ‘খ’ অঞ্চলে সকাল সোয়া ১০টার দিকে উপস্থিত হই। এ সময় খোকন সাহা আমাকে দেখে ভীষণভাবে ÿক্ষুব্ধ হয়ে ওঠে। আমাকে বলে বেশি বেড়ে গেছে। গুলি করে তুকে হত্যা করব। তুই নারায়ণগঞ্জে থাকতে পারবি না। সাত হত্যা মামলায় থাকতে পারবি না। তোর মতো লোক মেরে ফেললে আমার কিছুই হবে না। তাঁর এ হুমকির কারণে আমি আমার জীবনের নিরাপত্তার অভাব বোধ করছি।’

ঘটনার ব্যাপারে পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়েছে কি না, জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার সময় পুলিশের একজন এসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি। আমি সিনিয়র আইনজীবীদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পুলিশকে জানাব কি না, সে সিদ্ধান্ত নেব। আমি জেলা আইনজীবী সমিতিকে জানিয়েছি। দেখি তারা সমিতির একজন সদস্যের নিরাপত্তার জন্য কি করে।’ তিনি বলেন, খোকন সাহার সঙ্গে সব সময় পিস্তল থাকে। সে পিস্তল আমাকে দেখায়নি। তবে হুমকি দেওয়ার সময় কোমরে হাত দিয়েছিল। ঘটনার সময় আইনজীবীরা ছাড়াও বিচার প্রার্থী মানুষ উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে খোকন সাহা বলেন, ‘আমি তাঁকে কোনো হুমকি দিইনি। যদি দিয়ে থাকি সমিতি তদন্ত করে বিচার করবে। বিচার করে যা শাস্তি দেবে তা মেনে নেব।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেসুর রহমান বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার ব্যাপারে জেলা আইনজীবী সমিতিতে দেওয়া লিখিত অভিযোগের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান। তিনি বলেন, দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে দুটি অভিযোগ দিয়েছে। আমরা এগুলো তদন্ত করছি।