আইনজীবীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে গত মঙ্গলবার গভীর রাতে এনামুল হক নামের একজন আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। অভিযোগ উঠেছে, বাড়িওয়ালার সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর ওপর এই হামলা চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের ইনাতাবাদ এলাকার শাহীনের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া থাকেন এনামুল (৩৬)। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে শাহীনের সঙ্গে তাঁর (এনামুল) ঝগড়া হয়। একপর্যায়ে দুই-তিনজন সহযোগী নিয়ে শাহীন ধারালো অস্ত্র দিয়ে এনামুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় এনামুলের ছোট ভাই শহীদুল হক এগিয়ে গেলে তাঁকেও আহত করা হয়।
আশপাশের লোকজন এনামুল ও শহীদুলকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা এনামুলের নানা স্থানে বেশ কয়েকটি গুরুতর আঘাতের চিহ্ন দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাঁর অবস্থার অবনতি হলে গতকাল বুধবার বিকেলে সিলেট থেকে ঢাকা নেওয়া হয়।
শাহীনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কোনো কথা না বলে কেটে দেন।