আইনজীবীকে মারধরের অভিযোগ, ওসিকে বরখাস্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীকে মারধরের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীনকে ২৪ ঘণ্টার মধ্যে সাময়িক বরখাস্তের দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সমিতির সাধারণ সম্পাদক আলী আওয়াল বাউল।
মারধরের শিকার রইশুদ্দীন জানান, আদালতের বিচারকের পরামর্শক্রমে তিনি বাদীকে সঙ্গে নিয়ে থানায় গিয়েছিলেন মানব পাচারের ঘটনায় মামলা করতে। কিন্তু মামলার বিষয় বলতেই ওসি তাঁকে গালাগাল করতে থাকেন। রইশুদ্দীন বারবার নিষেধ করা সত্ত্বেও গালাগাল করতে থাকেন তিনি।
একপর্যায়ে ওসি থানার মুন্সির কক্ষে গিয়ে এজাহার দিতে বলেন। সেখানে এজাহার দেওয়ার সময় আবারও ওই কক্ষে ওসি আসেন এবং ‘ব্যাটা তুই পুলিশকে আইন শিখাস’ বলে মারধর শুরু করেন। সেখান থেকে তাঁকে থানার হাজতখানায় নিয়ে ১৫-২০ মিনিট আটকে রাখা হয়। পরে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি এ ঘটনায় ওসির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে আলী আওয়াল বাউল জানান, জেলা আইনজীবী সমিতির সদস্য রইশুদ্দীনকে মারধরের ঘটনায় বিকেলে জরুরি বৈঠকে বসে আইনজীবী সমিতি। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে জসীম উদ্দীনকে সাময়িক বরখাস্তের দাবি জানানো হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার মানববন্ধন করা হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হবে। বৈঠকে একটি কর্মকমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তবে ওসি অভিযোগ অস্বীকার করে জানান, রইশুদ্দীন থানায় মামলা করতে এসেছিলেন ঠিকই। রইশুদ্দীনের সঙ্গে তিনিসহ পুলিশের কেউই দুর্ব্যবহার করেননি। বরং তিনিই তাঁকে উচ্চবাচ্য করে অশালীন কথা বলে গেছেন।
ওসি আরও বলেন, রইশুদ্দীন যে সময় মামলা করতে থানায় আসেন, ওই সময় থানায় আসার কথা ছিল সদর আসনের সাংসদ আবদুল ওদুদের। এ জন্য তাঁকে বলা হয়েছিল, এজাহার নিয়ে একটু অপেক্ষা করেন, মামলা নেওয়া হবে। এতেই রইশুদ্দীন পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে যান ও গালাগাল শুরু করেন।