সুনামগঞ্জে হাওরে ফসলহানির ঘটনায় আইনজীবীদের দায়ের করা মামলা থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালকে বাদ দেওয়া হয়েছে। তাঁকে বাদ দিয়ে অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলাটি পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হক। মামলার ১৪০ জন আসামির মধ্যে ত্রাণসচিব ছাড়া অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ত্রাণসচিবের বিরুদ্ধে অভিযোগ ছিল দণ্ডবিধির ৫০৫ (এ) ধারায়। ওই ধারায় বলা আছে, ‘কথা ইত্যাদি দ্বারা অনিষ্টকর কার্য’।
সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) খায়রুল কবির গতকাল রোববার প্রথম আলোকে বলেন, মামলার বাদী যেহেতু ত্রাণসচিবের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনেননি, তাই আদালত তাঁকে বাদ দিয়ে অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য মামলাটি দুদকে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলায় ত্রাণসচিব, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৫ কর্মকর্তা, ফসলরক্ষা বাঁধের কাজের ৪৬ জন ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৭৮ জনসহ ১৪০ জনকে আসামি করা হয়েছিল। মামলার আসামির তালিকায় ১৪০ নম্বর ক্রমিকে ত্রাণসচিবের নাম ছিল।
এর আগে হাওরে ফসলহানির ঘটনায় গত ২ জুলাই দুদকের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাউবোর ১৫ কর্মকর্তা ও ৪৬ জন ঠিকাদারকে আসামি করে দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আহমদ। ওই মামলায় পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিন ও বাঁধের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইব্রাহিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়। সুনামগঞ্জে গত এপ্রিল মাসে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসলরক্ষা বাঁধ ভেঙে ১৫৪টি হাওরের বোরো ফসল তলিয়ে যায়।