আইনজীবীর ইজিবাইক থামানোয় সার্জেন্টকে পেটাল ছাত্রলীগ?
খুলনা নগরে গত বৃহস্পতিবার বিকেলে একজন ট্রাফিক সার্জেন্ট মারধরের শিকার হয়েছেন। সড়কে একজন সাংসদের আইনজীবীর বোনের ইজিবাইক থামানোয় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
খুলনা মহানগর পুলিশ সূত্র জানায়, কেএমপির সার্জেন্ট সিদ্দিকুর রহমান বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নগরের পাওয়ার হাউস মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় আইনজীবী সুলতানা রহমান একটি ইজিবাইকে চড়ে ওই সড়ক দিয়ে রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। তিনি এক সাংসদের বোন ও মহানগর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি)। এ সড়কে ইজিবাইক চলাচল নিষিদ্ধ থাকায় সার্জেন্ট সিদ্দিকুর ইজিবাইকটির গতিরোধ করেন। তখন সুলতানা ইজিবাইক থেকে বের হয়ে নিজের পরিচয় দেন ও ইজিবাইকটি যেতে দিতে বলেন। এতেও কাজ না হওয়ায় আইনজীবী সুলতানা ওই সার্জেন্টকে গালাগাল করেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সার্জেন্ট সিদ্দিকুরকে মারধর করেন। পরে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা চলে যান।
জানতে চাইলে আইনজীবী সুলতানা রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই পথ দিয়ে অন্য সময় ইজিবাইক চলে। কিন্তু পুলিশ কমিশনার যাবেন বলে ওই সময় ইজিবাইক চলাচল বন্ধ করে দেয় ট্রাফিক বিভাগ। আমি ওই সার্জেন্টের সঙ্গে কথা বলতে গেলেই তিনি আমার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে থাকেন। এ সময় সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। পরে পুলিশ এলে ব্যাপারটি মিটে যায়।’ কেউ ওই সার্জেন্টকে মারধর করেনি বলে দাবি করেন তিনি।
তবে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের একাধিক সূত্র বলেছে, ঘটনার সময় ওই সার্জেন্ট মারধরের শিকার হয়েছেন।