আইনজীবীর পরিবারকে মারধর ও মালামাল লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক আইনজীবী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আইনজীবী মো. মাছুম বিল্লাহ। এ সময় তিনি বাসার মালামাল লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাছুম বিল্লাহ বলেন, গত মার্চ মাসে তিনি বায়েজিদ বোস্তামী এলাকায় একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট কেনেন। এরপর থেকে ভবনের মালিক (এক নারী) তাঁর কাছে চাঁদা দাবি করতে শুরু করেন। গত শনিবার রাতে বাসায় ঢুকে মালামাল লুট করে তাঁদের বের করে দেন। তিনি ঘটনাটি পুলিশকে জানান। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাছুমের বাবা আবদুল কাদের, মা ছখিনা বেগম, স্ত্রী আরফিনা বেগম প্রমুখ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ভবনের মালিক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মাছুম তাঁদের আত্মীয়। অগ্রিম টাকা না নিয়ে সরল বিশ্বাসে তাঁকে একটি ফ্ল্যাটের নিবন্ধন করে দেন তাঁরা। পরে পাওনা টাকা চাওয়ায় তিনি মিথ্যা অভিযোগ করছেন। বাসার মালামাল লুট বা কাউকে মারধর করা হয়নি বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন বলেন, তাঁরা আত্মীয়। তাঁদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।