আইনজীবীর বাসায় গৃহকর্মীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের ইসলামবাগ এলাকার এক বাসায় ইয়াসিন আলী নামের ১০ বছরের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুকে অসুস্থ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালে গেলে শিশু ইয়াসিন জানায়, তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার আননজিপুর গ্রামে। চার মাস আগে সে দিনাজপুর শহরের ইসলামবাগ এলাকায় এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। বাসার গৃহকর্ত্রী রীনা পারভীনের বাবার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনিই তাকে গৃহকর্মী হিসেবে তাঁর বাসায় নিয়ে আসেন।
ইয়াসিন জানায়, নানা অজুহাতে গৃহকর্ত্রী প্রায় সময় তাকে নির্যাতন করতেন। গতকাল শুক্রবার সকালে বাসন মাজার কাজ ভাল করে না করার অভিযোগে গৃহকর্ত্রী তাকে লাঠি দিয়ে পেটান এবং চড় থাপড় ও লাথি মারেন। এরপর বাড়ি থেকে বের করে দেন। পরে সে সারাদিন বিভিন্ন স্থানে ঘোরাফিরা করে। রাতে শহরের সুইহারী এলাকায় গেলে সে অচেতন হয়ে পড়ে। এরপর তার কিছু মনে নেই। ইয়াসিন জানায়, গৃহকর্ত্রী নির্যাতন করলেও গৃহকর্তা আইনজীবী ফারুক হাসান তাকে আদর করতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে শহরের সুইহারী এলাকায় অচেতন হয়ে পড়ে যায় শিশু ইয়াসিন। পরে স্থানীয় লোকজন তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার চেতনা ফিরে আসে।
হাসপাতালের চিকিৎসক ফারহানা বেগম বলেন, শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। পূর্বেরও কিছু আঘাতের দাগ দেখা গেছে। চিকিৎসা চলছে।
কোতোয়ালি থানার ওসি বলেন, শিশুটির বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। তাঁরা রওনা দিয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে গৃহকর্তা আইনজীবী ফারুক হাসান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি লজ্জিত। তিনি নিজে ‘অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঘটনার জন্য তিনি নিজের উদাসীনতাকেও দায়ী করেন।