আইনজীবীর বাসায় শিশু গৃহকর্মীর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে হকিকুল ইসলাম নামের এক আইনজীবীর বাসার শিশু গৃহকর্মীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে শিশুটির মায়ের দাবি, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে ওই আইনজীবী ও তাঁর স্ত্রী শিশুটির লাশ নিয়ে হাসপাতালে যান। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত ব্যক্তির নাম নুর নাহার (১০)। সে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের নুর ইসলামের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নুর নাহার দেড় বছর ধরে জেলা শহরের ইসলামবাগ মহল্লার বাসিন্দা আইনজীবী হকিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করত। গতকাল সোমবার বিকেলে মেয়ের অসুস্থতার কথা শুনে হাসপাতালে ছুটে যান তাহেরা বেগম। মেয়ের লাশ দেখে বারবার মূর্ছা যান তিনি।
তবে হকিকুল ইসলামের স্ত্রী রওশন আক্তার দাবি করেন, নুর নাহার ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। মেয়ের নাকেমুখে রক্ত। আত্মহত্যার কোনো আলামত নেই। আমার মেয়ে কেন আত্মহত্যা করবে? তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।’ মেয়ে হত্যার বিচার দাবি করেন তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহজাদা মিয়া বলেন, ‘শিশুটির আগেই মৃত্যু হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না।’
শিশুটির লাশ দেখতে আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীসহ সমিতির নেতারা হাসপাতালে যান। এ সময় পিপি আমিনুর রহমান বলেন, এটি হত্যা, না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে।
পুলিশ বলছে, হাসপাতাল থেকে খবর পেয়ে লাশের সুরতহাল করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় হাসপাতালে শিশুটির লাশ দেখে বলেন, মৃত্যু অস্বাভাবিক। তবে ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।