আইনজীবীর বেআইনি কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারি এক আইনজীবী বেআইনিভাবে ভরাট করছেন সরকারি জলাশয়। টাঙ্গাইল শহরের দেওলা এলাকায় এ জলাশয় ভরাটে এলাকাবাসী তাঁকে বাধা দিয়েছেন। প্রশাসন থেকেও নিষেধ করা হয়েছে। এর পরও প্রভাব খাটিয়ে ওই আইনজীবী ভরাটকাজ অব্যাহত রেখেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দেওলা এলাকায় এলজিইডির মোড়ের কাছে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি জলাশয় রয়েছে। জলাশয়টির পূর্ব পাশে টাঙ্গাইল জেলা জজ আদালতের সহকারী সরকারি আইনজীবী (এজিপি) আবু বকর সিদ্দিকের বাড়ি। প্রায় দেড় মাস আগে তিনি হঠাৎ করেই জলাশয়টি মাটি ফেলে ভরাট শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে বাধা দিলে তিনি জানান, এটি তাঁর বাসার সামনের জায়গা। তাই তিনি এটি ভরাট করে ভাড়া দেবেন। পরে এলাকাবাসী বিষয়টি জেলা প্রশাসনকে জানান। প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ঘটনাস্থলে যান। এ সময় ইউএনও মাটি ফেলা বন্ধ রাখতে আবু বকর সিদ্দিককে নির্দেশ দিয়ে আসেন। তখন ভরাটকাজ বন্ধ রাখা হয়। কিন্তু ১৫ দিন ধরে আবার মাটি ফেলার কাজ শুরু করেন ওই আইনজীবী।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, জলাশয়টির এক-তৃতীয়াংশ ভরাট হয়ে গেছে। ভরাট করা জায়গা সমান করার কাজ করছেন কয়েকজন শ্রমিক। তা ছাড়া এ সময় ওই জায়গায় স্থাপনা নির্মাণ করতেও দেখা যায়।
ওই এলাকার বাসিন্দা সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ জানান, জলাশয়টির ৩০ শতাংশ জায়গার মধ্যে প্রায় ১০ শতাংশ আবু বকর সিদ্দিক ইতিমধ্যে ভরাট করে ফেলেছেন। আশপাশের এলাকার বৃষ্টির পানি এই জলাশয়ে এসে পড়ে। এটি ভরাট করা হলে এর পূর্ব পাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে। অপর বাসিন্দা শাহজাহান মিয়া জানান, প্রশাসনের লোকজন এসে আবু বকর সিদ্দিককে জলাশয় ভরাট করতে নিষেধ করে গেছেন। সওজ বিভাগ থেকেও তাঁকে জলাশয় ভরাট করতে নিষেধ করা হয়েছে। কিন্তু কারও কথা তোয়াক্কা না করে তিনি জলাশয়টি ভরাট অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে এজিপি আবু বকর সিদ্দিক বলেন, ‘নিজের বাসায় ঢোকার রাস্তার জন্য আমি জলাশয়ের কিছু অংশ ভরাট করছি। সড়ক বিভাগের মৌখিক অনুমতি নিয়েই আমি এ কাজ করছি।’ তবে টাঙ্গাইল সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম খান জানান, আবু বকর সিদ্দিক জলাশয়টি ভরাটের জন্য কোনো অনুমোদন নেননি। বেআইনিভাবে তিনি এ কাজ করছেন।
এ ব্যাপারে ইউএনও জানান, সরকারি জায়গা দখল করেই ওই আইনজীবী তা ভরাট করছেন। তাঁকে নিষেধ করা হয়েছিল, তিনি মানেননি। ওনার বাড়ির কিছু স্থাপনাও সরকারি জায়গায় পড়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।