আইনমন্ত্রীর এপিএসের নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউছার ভূঁইয়ার নাম ভাঙিয়ে  চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তি এক চাকরিপ্রার্থীর দুই লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে কসবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আবুল খায়ের মুন্সী গত বছরের ৩০ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের সহকারী একান্ত সচিব (এপিএস) রাশেদুল কাউছার ভূঁইয়ার নাম ভাঙিয়ে আইন মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার কথা বলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা গ্রামের হুমায়ুন কবিরের কাছ থেকে দুই লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘদিনেও চাকরি না হওয়ায় বিষয়টি স্থানীয় ব্যক্তিদের জানান হুমায়ুন কবির। এ পরিস্থিতিতে আইনমন্ত্রী ও তাঁর এপিএসের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় আফজাল হোসেন থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে কথা বলার জন্য আবুল খায়ের মুন্সীর মুঠোফোনে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, অভিযোগটি জিডি হিসেবে নেওয়া হয়েছে। উপপরিদর্শক (এসআই) মনির হোসেনকে অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।