আইনমন্ত্রীর বাড়িতে ককটেল, ফেনীতে ম্যাজিস্ট্রেট আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির চতুর্থ দিন গতকাল শুক্রবার ১০ জেলায় পুলিশের সঙ্গে অবরোধ-সমর্থকদের সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা ও আগুন দেওয়া হয় অন্তত ৩৫টি গাড়িতে। সংঘর্ষ ও সহিংসতায় আহত হন অন্তত ৪০ জন। ঢাকায় আইনমন্ত্রীর বাড়িতে ককটেল হামলা হয়েছে। ফেনীতে ককটেল হামলায় আহত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রোব সাময়িকীর একজন প্রতিবেদক।
এ ছাড়া নাশকতা সৃষ্টির আশঙ্কাসহ অন্যান্য অভিযোগে গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৭৭ জনকে আটক করেছে পুলিশ। কয়েকটি জেলা থেকে পুলিশি পাহারায় ঢাকাসহ দূরপাল্লার গন্তব্যে কিছু কিছু বাস ছেড়ে যায়।
রাজধানীর পরিস্থিতি: নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল রাত সোয়া আটটার দিকে আইনমন্ত্রী আনিসুল হকের বনানীর বাসার সীমানাপ্রাচীরের ভেতর ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে সেখানে রাখা একটি গাড়ির কাচ ভেঙে যায়। এ ঘটনায় সেখানে কর্তব্যরত মমিনুল ইসলাম নামে এক আনসার সদস্য সামান্য আহত হয়েছেন। ডান হাতের কনুইয়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নিয়েছেন মমিনুল। এ ঘটনার পর রাতে পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনমন্ত্রীর বাসায় যান। তবে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনার আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ককটেল বিস্ফোরণে বাবুল মিয়া নামের এক কনস্টেবলসহ দুজন আহত হয়েছেন বলে জানায় পুলিশ। বাবুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া রাজধানীর কূটনৈতিক পাড়াতেও ককটেল হামলার খবর পাওয়া গেছে। গতকাল রাতে বনানীতে কানাডীয় দূতাবাসের সামনের রাস্তায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া সৌদি দূতাবাসের সামনের রাস্তায় আরেকটি ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া আরও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাজধানীতে গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত সাতটি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল দুপুর একটার দিকে পোস্তগোলা রেললাইনের পাশে একটি প্রাইভেট কার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বেলা তিনটার দিকে তেজগাঁও বিজি প্রেসের কাছে পার্ক করে রাখা একটি কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে পালায় দুর্বৃত্তরা। এর পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তেজগাঁও এলাকায় বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সোয়া আটটার দিকে দুর্বৃত্তরা ধোলাইখাল এলাকায় একটি পিকআপে আগুন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। সোয়া আটটার দিকে পোস্তগোলায় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় একই সময়ে বিজয়নগরে হোটেল ৭১-এর সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা তা নিভিয়ে ফেলে। রাত নয়টার দিকে মিরপুরের কালশী রোডে গার্মেন্টস কর্মীদের পরিবহনে নিয়োজিত একটি বাসে আগুন দেওয়া হয়। রাতে মিরপুর বেড়িবাঁধে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হলে দুজন যাত্রী দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া মগবাজারে একটি ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারলে গাড়িটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় চালক আবুল হোসেন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত সোমবার অবরোধ শুরুর পরে মঙ্গলবার ছয়টি যানবাহনে, বুধবার চারটি বাসে ও বৃহস্পতিবার আরও ১৬টি যানবাহনে আগুন দেওয়া হয়।
রাজধানীর বাইরের চিত্র: রাত সাড়ে আটটার দিকে ফেনী শহরের শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদের পাশে দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলায় আহত হয়েছেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের। মাইক্রোবাসে করে শহরের ট্রাংক রোড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলার শিকার হন তিনি।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, ককটেল বিস্ফোরণে আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদেরকে দ্রুত উদ্ধার করে প্রথমে ক্লিনিকে ও পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দুই চোখের কর্নিয়ায় ভেতর স্প্লিন্টার ঢুকেছে।
এর আগে গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর নাসির মেমোরিয়াল কলেজের পাশে অবরোধ-সমর্থকেরা অতর্কিত হামলা করে দুটি কাভার্ড ভ্যান এবং দুটি মাইক্রোবাস ভাঙচুর করেন। এ ছাড়া ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়াপুল এলাকায় তিনটি অটোরিকশা ও ট্রাংক রোডের সেন্ট্রাল হাইস্কুলের সামনে দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।
গাইবান্ধায় গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় তেলের খালি ড্রামবাহী একটি ট্রাক পেট্রলে পুড়িয়ে দিয়েছেন অবরোধ-সমর্থকেরা। মহেশপুর ব্র্যাক মোড়ে আলুবোঝাই দুটি ট্রাকেও ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতে পলাশবাড়ী এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িও ভাঙচুর করা হয়।
এ ছাড়া গতকাল ভোরে একই স্থানে আরও ছয়টি যানবাহন ভাঙচুর করেন অবরোধ-সমর্থকেরা। পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বলেন, এসব ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে।
এদিকে ভোররাতে সাদুল্যাপুর উপজেলার বত্রিশমাইল এলাকায় অবরোধ-সমর্থকদের ধাওয়ায় দুটি পানবোঝাই ট্রাক খাদে উল্টে পড়ে। এতে ট্রাকচালক ও সহকারীসহ সাতজন আহত হন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল ভোরে পুলিশের সঙ্গে অবরোধ-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে দুজন। তিনজনকে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন উল্লাপাড়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. জাননুল ইসলাম (২৬) ও শিবিরের কর্মী আবদুল বাতেন (২৮)। আটক ব্যক্তিরা হলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি সোলায়মান হোসেন, অফিস সম্পাদক গোলাম কিবরিয়া ও কর্মী গাজীউর রহমান।
এ ছাড়া সদর উপজেলার চণ্ডীদাসগাতী কবরস্থান এলাকায় পিকেটিংকালে এলাকাবাসী গাজীউর রহমান (২৯) নামের একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেন।
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় গতকাল এবং এর আগের দিন রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন অবরোধ-সমর্থকেরা। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। এ ছাড়া পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়াসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে।
বগুড়ায় কাল রোববার ভোর ছয়টা থেকে ২৪ ঘণ্টা হরতাল ডেকেছে ২০-দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া জেলায় বিএনপি ও জামায়াতের ৫১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ধুনট উপজেলায় গতকাল দুপুরে অবরোধ-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় তিনজন গুলিবিদ্ধ হওয়াসহ আহত হন ২৪ জন। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের চার সদস্যও রয়েছেন। আটক করা হয় পাঁচজনকে।
রাজশাহীতে পিকেটারদের ধরতে না পেরে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে পুলিশ। গতকাল সকালে রাজশাহী কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের বেধড়ক মারধরে আহত হন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক সোহরাব হোসেন।
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে একটি ব্যক্তিগত গাড়ি দিয়ে অবরোধ সৃষ্টি করে গত রাত আটটার দিকে যাত্রীবাহী এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় প্রোব সাময়িকীর জ্যেষ্ঠ প্রতিবেদক শফিক রহমান গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকায় বাংলাদেশ মেডিকেলে পাঠানো হয়েছে। নিতাইগঞ্জ এলাকায় সকালে অবরোধ-সমর্থকেরা একটি মিছিল থেকে ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। একটি ট্রাকেও আগুন দেওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষে বিএনপির পাঁচ নেতা-কর্মী আহত হন। পুলিশ দুজনকে আটক করে। এ ছাড়া সকালে বিসিক শিল্পনগর এলাকায় একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়িয়ে দেন অবরোধ-সমর্থকেরা। এর আগে শাসনগাঁও এলাকায় আরও একটি বাস ভাঙচুর করেন তাঁরা।
গাজীপুরের ভাওয়াল গাজীপুর স্টেশনের এক কিলোমিটার দক্ষিণে ভানুয়া এলাকায় গতকাল বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ফিশপ্লেটের নাট খুলে ফেলেন দুর্বৃত্তরা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা লাইন মেরামত করে ফেলায় কোনো দুর্ঘটনা ঘটেনি। একই দিন শহরের নলজানী এলাকার গ্রেট ওয়াল সিটি আবাসিক এলাকা থেকে শিবিরের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
চট্টগ্রামের সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল নামক স্থানে বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন অবরোধ-সমর্থকেরা।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রাজশাহী ও ফেনী অফিস; গাজীপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সাতকানিয়া (চট্টগ্রাম), ধুনট (বগুড়া) ও গৌরনদী (বরিশাল) প্রতিনিধি}